নিখোঁজের সাত দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার সাত দিন পর গতকাল বুধবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাপসাইল গ্রাম থেকে সোহেল রানা (১৯) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সৌদিপ্রবাসী রহিজ উদ্দিনের ছেলে সোহেল ঘড়িয়ালা কারিগরি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তাঁকে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।পুলিশ, এলাকাবাসী ও পরিবার জানায়, ৩ জুলাই দুপুরে পাশের বৈরাগী গ্রামের মইজুদ্দিনের ছেলে এখলাস উদ্দিনের ফোন পেয়ে সোহেল বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এদিকে গতকাল সকাল নয়টার দিকে কাপসাইল গ্রামের একটি ভুট্টাখেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। এ ঘটনায় তাঁর মা সাজেদা বেগম থানায় হত্যা মামলা করেছেন।নিহতের দাদা মহির উদ্দিন অভিযোগ করেন, ছয়-সাত মাস আগে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে সোহেলের পরিবারের কাছ থেকে চার লাখ টাকা নেন এখলাস। চাকরি না হওয়ায় সোহেল টাকা ফেরত চাইলে এখলাস কালক্ষেপণ করতে থাকেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে এখলাস মুঠোফোনে ডেকে নিয়ে সোহেলকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন মহির উদ্দিন। দৌলতপুর থানার ওসি শওকত আলম বলেন, সোহেলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখলাস পলাতক রয়েছেন।