নিখোঁজের সাত দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের সাত দিন পর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বুকশুলার ব্রিজ এলাকার একটি ধানখেত থেকে ইব্রাহীম মিয়া (২৮) নামের এক অটোরিকশার চালকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।
কালীগঞ্জ থানার পুলিশ জানায়, প্রতিদিনের মতো ২ অক্টোবরও সকাল সাড়ে নয়টার দিকে ইব্রাহীম অটোরিকশাটি নিয়ে চলবলা ইউনিয়নের চাপারহাট গ্রামের বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। গতকাল সকালে একই ইউনিয়নের বুকশুলার ব্রিজ এলাকায় ধানখেতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা পরনের পোশাক দেখে ইব্রাহীমকে শনাক্ত করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধারের পর নিহতের ভাই মিলন মিয়া গতকাল বিকেলে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।