নিখোঁজের সাত দিন পর শিশুর লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার সাত দিন পর গতকাল বুধবার সকালে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার জেনিস কারখানার কাঠের বাগানের ভেতরে একটি গর্তে ওই লাশ পাওয়া যায়। শিশুটির নাম শিরিন আক্তার (৬)। সে নেত্রকোনার পূর্বধলা উপজেলার পূর্ববদি গ্রামের আবুল কালামের মেয়ে। শিরিনের মা-বাবা উপজেলার রাখালিয়াচালা এলাকার আবদুর রশিদের বাড়িতে ভাড়া থাকেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৪ নভেম্বর শিরিন বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। গতকাল বুধবার সকালে এলাকাবাসী রাখালিয়াচালা এলাকার জেনিস কারখানার জমির বাউন্ডারির ভেতরে পাতা কুড়াতে গিয়ে একটি গর্তের মধ্যে ওই শিশুর লাশ দেখতে পায়। শিশুর বাবা আবুল কালাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেছেন। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর গর্তের ভেতর ফেলে রাখে।