নিখোঁজের ১০ ঘণ্টা পর গফরগাঁওয়ে আ.লীগ নেতার লাশ উদ্ধার
নিখোঁজের ১০ ঘণ্টা পর ময়মনসিংহের গফরগাঁওয়ের স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুল মজিদের (৫৮) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে পাইথল ইউনিয়নের একটি বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মজিদ উপজেলার পাইথল ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে ঘোষপাড়া এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে পাইথল ইউনিয়নের শহিদনগর গ্রামের মইশাল ভিটা এলাকার একটি ক্লাব থেকে ঘোষপাড়া গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন মজিদ। নিখোঁজের পর তাঁর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজেও তাঁর সন্ধান পায়নি। এ সময় তাঁর ব্যবহূত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
আজ সকাল আটটার দিকে ওয়াকুড়ি বিলের কাদার মধ্যে মজিদের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃতদেহ উদ্ধারের পর পাগলা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ বলেন, মজিদের গলায় ও পেটে আঘাতের চিহ্ন ছিল। সম্ভবত তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
আজ দুপুরে মজিদের ছেলে মিলন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।