নিখোঁজের ১০ দিন পর ইজিবাইক চালকের লাশ উদ্ধার
রংপুরে নিখোঁজ হওয়ার ১০ দিন পর এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর এলাকার একটি পুকুর থেকে তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
ওই ইজিবাইকচালকের নাম দুলাল মিয়া (২৫)। তিনি রংপুর নগরের উত্তম হাজীরহাট এলাকার ফজলে মিয়ার ছেলে। তিনি গত ২১ মে সকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, ২১ মে সকালে ইজিবাইক নিয়ে দুলাল ঘর থেকে বের হন। রাতেও ফিরে না আসায় তাঁর বাবা ফজলে মিয়া বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন এ ঘটনায় তিনি রংপুর কোতোয়ালি থানায় একটি জিডি করেন। গতকাল সকালে তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। লাশের মুখ ও শরীরের অনেক স্থানে আঘাতের চিহ্ন ছিল।
গঙ্গাচড়া থানার ওসি এম এ মান্নান বলেন, লাশটি উদ্ধার করার পর দুলালের বাবা ফজলে মিয়া সেটি শনাক্ত করেন। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রংপুরের কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, নিখোঁজ হওয়ার ঘটনায় করা ফজলে মিয়ার জিডি হত্যা মামলায় রূপান্তরিত হয়ে যাবে। ঘটনা তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করা হবে।