নিখোঁজের ১১ দিন পর যুবদল নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী থেকে নিখোঁজ হওয়ার ১১ দিন পর এক যুবদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে। বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার ভারতের দিনহাটা থানা পুলিশ বাংলাদেশের ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে।অভিযোগে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত কাজিবুর রহমানের ছেলে ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল লতিফ লেবুকে (৩৫) গত ১৫ জানুয়ারি তাঁর বন্ধু পাশের গ্রামের আওয়ামী লীগ-সমর্থক হাজি ফকির বাড়ি থেকে ডেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিয়ে যান। পরে মৃতের পরিবার মোবাইল ফোনে যোগাযোগ করে দুজনের কাউকে না পাওয়ায় ভূরুঙ্গামারী এলাকায় নিকটাত্মীয়দের খবর দেয়। ফকির স্থানীয় সীমান্তের বাঘভান্ডার এলাকায় লতিফকে শ্বাসরোধ করে হত্যা শেষে লাশ নো-ম্যান্সল্যান্ডে ফেলে যান। লতিফের গোপনাঙ্গ কাটা ছিল। এ ব্যাপারে লতিফের স্ত্রী নার্গিস পারভীন সরিষাবাড়ী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। দীর্ঘ ১১ দিন পর বুধবার বিকেলে দিনহাটা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে যুবদল নেতা লতিফের লাশ গ্রামের বাড়ি পৌঁছায়। এ সময় তাঁকে দেখার জন্য শত শত লোক ভিড় জমায়। তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।স্ত্রী নার্গিস পারভীন বলেন, ‘আমার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাজি ফকির ও তাঁর সহযোগীরা হত্যা করেছে। আমি এর বিচার চাই।’ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার জানান, যুবদল নেতা লতিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান বলেন, ভূরুঙ্গামারী উপজেলায় ঘটনা ঘটেছে, তাই মামলা নেওয়া হয়নি। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কফিল উদ্দিন বলেন, ‘ভারতের দিনহাটা থানার পুলিশ আমাদের কাছে লাশ হস্তান্তর করলে আমরা তা পরিবারের কাছে দিয়ে দিয়েছি।’