নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর জাহিদ মিয়া (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের চরমাধবদী গ্রামের একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাহিদ চরমাধবদী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার রাতে স্থানীয় ‘ফকিরের মাজারে’ ওরস অনুষ্ঠানে যায় জাহিদ। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল সকাল নয়টার দিকে বাড়ির পূর্ব পাশে কলাবাগানে জাহিদের লাশ পাওয়া যায়। জাহিদের বাবা সিরাজ মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার মনে অয় (হয়) আমগো গেরামের মফার (মফিজ উদ্দিনের) পোলা ফারুক মিয়া এই কাজ করছে। সে আমার পরিবারের বিরাট ক্ষতি করব কইছে।’ এ ব্যাপারে কথা বলতে মফিজ উদ্দিনের বাড়িতে গিয়ে ঘর তালাবদ্ধ পাওয়া যায়। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মফিজ উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। নরসিংদী সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।