নিখোঁজের ১২ দিন পর যুবলীগ কর্মীর লাশ উদ্ধার
ফেনীতে নিখোঁজের ১২ দিন পর শহিদুল ইসলাম (২৬) নামের যুবলীগের এক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার সকালে পুলিশ তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।
শহিদুল ইসলাম ফেনী থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
পুলিশ জানায়, ফেনী-কুমিল্লা পুরোনো সড়কের দেওয়ানগঞ্জ রেলক্রসিং এলাকায় পৌরসভার ময়লার ডিপোতে সোমবার সকালে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে ফেনী পৌরসভার বারাহিপুরের বনানীপাড়ার বাসিন্দা মকবুল আহম্মদ লাশটি তাঁর ছেলে শহিদুলের বলে শনাক্ত করেন।
শহিদুলের মা মরিয়ম বেগম বলেন, ৩ এপ্রিল বিকেলে শহিদুলকে বনানীপাড়ার বাসা থেকে এক ব্যক্তি ডেকে নিয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি ফেনী মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে তিনি ৯ এপ্রিল ফেনীর বিচারিক হাকিমের আদালতে মামলা করেন।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, শহিদুল ইসলাম ফেনী থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে।