নিখোঁজের ১৩ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জের ধরে লক্ষ্মীপুরে নিখোঁজ হওয়ার ১৩ দিন পর গতকাল শুক্রবার দুপুরে দুলাল হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার দিঘলী ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামে তাঁর দ্বিতীয় স্ত্রী পারুল বেগমের বাবার বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ পারুলকে আটক করেছে। তা ছাড়া পারুল বেগমের বাবার বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।
পুলিশ ও এলাকাবাসী জানান, পূর্ব সৈয়দপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে দুলাল একজন সিএনজি অটোরিকশাচালক ও পাঁচ সন্তানের জনক। প্রথম স্ত্রীর অসুস্থতার কারণে তিনি তিন মাস আগে পারুলকে বিয়ে করেন। বিবাহের পর থেকে পারিবারিক কলহের কারণে পারুল তাঁর বাবার বাড়িতেই থাকতেন। গত ২৯ ডিসেম্বর থেকে দুলাল নিখোঁজ ছিলেন।
বহু খোঁজাখুঁজির পরও না পেয়ে দুলালের দুই স্ত্রী সদর থানায় আলাদাভাবে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর গতকাল ভোরে পারুলের বসতঘরের পেছনের পুকুরে বস্তাবন্দী লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। প্রতিবেশীরা লাশটি দুলালের বলে শনাক্ত করেন। পুলিশ আসার আগেই স্বামীকে হত্যার অভিযোগ তুলে ক্ষুব্ধ জনতা পারুলের বসতঘর ও ওই বাড়ির রান্নাঘরে আগুন দেন। এ সময় পারুল পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে দেন।
প্রতিবেশীরা জানান, এর আগেও পারুল তাঁর প্রথম স্বামী আবদুল মতিনকে হত্যার অভিযোগে বছর খানেক জেলে ছিলেন।
এদিকে দুলালের প্রথম স্ত্রী মাজিয়া বেগম স্বামী হত্যার ঘটনায় পারুলকে দায়ী করে বিচার দাবি করেন। লক্ষ্মীপুর থানার এসআই মজিবুর রহমান জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পারুলকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।