নিখোঁজের ১৩ দিন পর স্কুলছাত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নিখোঁজের ১৩ দিন পর আবদুল ওয়াজেদ (১২) নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরের বাকলিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। সে হালিশহর প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মায়নুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাসা থেকে বের হওয়ার পর শিশুটি বাকলিয়া এলাকায় একটি হোটেলে চাকরি নেয়। পড়াশোনার জন্য মায়ের বকুনিতে খেয়ে সে বাড়ি ছেড়ে চলে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

১০ জুলাই বেলা তিনটায় বন্দর থানার ধোপা দীঘিপাড় উকিলবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর ওয়াজেদ আর বাসায় ফেরেনি। বের হওয়ার সময় সে বলেছিল, বাসার কাছে মুঠোফোনের দোকানে যাচ্ছে। কিন্তু সন্ধ্যার পরও বাসায় না আসায় দোকানে খোঁজ নিলে তাঁরা জানান, সে দোকানে আসেনি। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন তার মা রোকেয়া বেগম বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সন্দেহ হয়, তাঁর ছেলেকে পূর্বশত্রুতার জেরে অপহরণ করা হতে পারে। ১৩ জুলাই তিনি বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা করেন।