নিখোঁজের ১৩ দিন পরে সেনাসদস্যের লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার ১৩ দিন পর সেনাসদস্য ওবায়দুল হকের (৩৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গত ২ অক্টোবর বগুড়া সেনানিবাসের কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন।
ওবায়দুলের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। তাঁর পরিবার বলেছে, ঈদ উপলক্ষে বাড়ির সবার জন্য কেনাকাটা করে তিনি বাড়ি ফিরছিলেন। পথে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে মালামাল ছিনিয়ে নিয়ে তাঁকে হত্যা করেছে বলে সবার ধারণা। ওবায়দুলের চার বছরের একটি ছেলে ও স্ত্রী রয়েছেন।
নিহত ওবায়দুলের ভাই মফিজুল হক বলেন, তাঁর ভাই ২০০১ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ঈদ উপলক্ষে ২ অক্টোবর তিনি সেনানিবাস থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। সন্ধ্যা সাড়ে ছয়টায় বাড়িতে ফোন করে জানান, তিনি নাটোর পর্যন্ত পৌঁছেছেন। এরপর পাবনা দাশুড়িয়ার মোড় থেকে তিনি কুষ্টিয়ার বাস ধরবেন। কিন্তু সন্ধ্যা সাতটার পর আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। রাতে বাড়িতেও ফেরেননি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, পাবনা-ঈশ্বরদী সড়কের পাশে মজিদপুর গ্রামের একটি ডোবা থেকে প্রচণ্ড গন্ধ বের হচ্ছিল। স্থানীয় লোকজন সেই গন্ধের সূত্র খুঁজতে গিয়ে একটি অর্ধগলিত লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি জানান, মরদেহের প্যান্টের পকেটে পাওয়া পরিচয়পত্র থেকে সেনাসদস্য ওবায়দুলের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।