নিখোঁজের ২০ দিন পর ডোবা থেকে গৃহবধূর লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার ২০ দিনের মাথায় গতকাল বুধবার দুপুরে পুলিশ রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের একটি ডোবা থেকে সুলতানা আক্তার (১৯) নামের এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুলতানার স্বামী পুলিশ কনস্টেবল আবদুল আলীম ও তাঁর বন্ধু শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে।তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল করিম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া আলীম জিজ্ঞাসাবাদে স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন। গৃহবধূ সুলতানার চাচা গিয়াসউদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, সুলতানার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সদর উপজেলার কইলারগুনায়। নয় মাস আগে ঢাকার উপকণ্ঠ আশুলিয়ার শিল্প পুলিশে কর্মরত কনস্টেবল আবদুল আলীমের সঙ্গে তাঁর বিয়ে হয়। আলীমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হিন্নীপাড়ায়। গত ১৭ এপ্রিল আলিম তাঁর স্ত্রী সুলতানাকে যমুনা সেতুতে বেড়াতে নিয়ে যাবেন বলে মুঠোফোনে ঢাকায় আসতে বলেন। এরপর ২০ এপ্রিল সুলতানা ঢাকায় রওনা হয়ে আসেন। ওই দিন রাত থেকে স্বজনেরা সুলতানার মুঠোফোন বন্ধ পান। তাঁরা পরে আলীমের সঙ্গে যোগাযোগ করলে আলীম সুলতানাকে ঢাকায় আসতে বলার কথা অস্বীকার করেন।গিয়াস জানান, সন্দেহ হওয়ায় টাঙ্গাইলের সদর থানায় আলীমের বিরুদ্ধে তাঁরা লিখিত অভিযোগ দেন। তুরাগ থানার ওসি জানান, আলীমের মুঠোফোনের তালিকার সূত্র ধরে টাঙ্গাইল সদর থানার পুলিশ ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা খুঁজে পায়। গত মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদর থানার পুলিশ আলীম ও তাঁর বন্ধু শাহীনকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আলীম তাঁর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেন। ওসি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে আলিম জানান, আশুলিয়ায় কর্মস্থলে এক নারী পুলিশের সঙ্গে তাঁর প্রেম হয়। ওই নারী পুলিশ সদস্যকে বিয়ে করতে তিনি তাঁর স্ত্রী সুলতানাকে হত্যার পরিকল্পনা নেন এবং সে অনুযায়ী মুঠোফোনে তাঁকে ঢাকায় ডেকে আনেন। তিনি তাঁর স্ত্রীকে নিয়ে ১৬ নম্বর সেক্টরে কাশবনের ভেতরে যান। একপর্যায়ে তাঁর স্ত্রীকে গলায় ওড়না প্যাঁচিয়ে হত্যা করে পাশের ডোবায় কচুরিপানার নিচে লাশ লুকিয়ে রাখেন। আলীম পুলিশকে জানান, ঘটনার সময় তাঁর বন্ধু কাশবনের বাইরে দাঁড়িয়ে ছিলেন। তুরাগ থানার পুলিশ জানায়, আলিম ও তাঁর বন্ধু শাহীনের স্বীকারোক্তির ভিত্তিতে টাঙ্গাইল ও তুরাগ থানার পুলিশ কচুরিপানার নিচ থেকে সুলতানার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় লাশ সুলতানার গ্রামের বাড়ি টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়।