নিখোঁজের ২০ দিন পর যুবকের লাশ উদ্ধার
নিখোঁজের ২০ দিন পর রংপুরের পীরগঞ্জে রেজাউল করিম নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ভুট্টাখেত থেকে পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করে।
রেজাউলের (২৬) বাড়ি উপজেলার যাদবপুর গ্রামে। তিনি ২০১৫ সালে বগুড়া আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাস করেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, রেজাউল ৫ এপ্রিল বিকেলে নিকটস্থ চতরা বন্দরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। এ ঘটনায় পরদিন তাঁর বড় ভাই আমিনুল ইসলাম পীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল দুপুরে স্থানীয় লোকজন ভুট্টাখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের কাছ থেকে একটি মুঠোফোন সেটও উদ্ধার করা হয়। পরে রেজাউলের স্বজনেরা লাশটি শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য গতকাল বিকেলে লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রেজাউলের বড় ভাই আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার ছোট ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা থাকার কথা নয়। তাঁকে কোন কারণে হত্যা করা হয়েছে, বুঝে উঠতে পারছি না।’
রাত পৌনে আটটার দিকে জানতে চাইলে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি।