নিখোঁজের ২২ দিন পর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূঁইগড় পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে নিখোঁজের ২২ দিন পর গতকাল মঙ্গলবার আবদুল হান্নান (৫৭) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই এলাকায় কালভার্টের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত আবদুল হান্নানের মা গুলনাহার বেগম বলেন, ‘বাড়ি থেকে ১ ফেব্রুয়ারি সকালে বের হয়ে আমার ছেলে নিখোঁজ হয়। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পশ্চিমপাড়া তিন রাস্তার মোড়ে কালভার্টের নিচে স্থানীয় লোকজন লাশ দেখতে পান। খবর পেয়ে সেখানে গিয়ে পরনের কাপড় দেখে আমরা লাশ শনাক্ত করি। রাত নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। আমাদের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কী কারণে বা কীভাবে এ ঘটনা ঘটল, তা বুঝতে পারছি না।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিখোঁজ থাকলেও হান্নানের পরিবার থানায় জানায়নি। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।