নিখোঁজের ৫ মাস পর ফিরলেন ৯ জেলে
মিয়ানমারে কারাগার থেকে মুক্তি পেয়ে পটুয়াখালীর কুয়াকাটার ৯ জন জেলে গত মঙ্গলবার বাড়ি ফিরেছেন। তাঁরা প্রায় পাঁচ মাস আগে সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।
ফিরে আসা জেলেরা হলেন কলাপাড়া উপজেলার মাইটভাঙ্গা গ্রামের আলী হোসেন গাজী, কবির হাওলাদার, সোবাহান ঘরামী, আলমগীর মাতুব্বর, নজরুল গাজী, হাচান হাওলাদার এবং মহিপুর থানার সেরাজপুর গ্রামের রুবেল, জাহিদুল ইসলাম ও মো. শামীম।
মাইটভাঙ্গা গ্রামের জেলে আলী হোসেন গাজী প্রথম আলোকে বলেন, ১৬ জানুয়ারি এফবি ফয়সাল নামের একটি মাছ ধরা ট্রলারে করে তাঁরা আলীপুর মৎস্য বন্দর থেকে ১০ জন জেলে সাগরে যান। গভীর সাগরে হঠাৎ করে ট্রলারের মেশিন বিকল হয়ে যায়। কোনো কূল-কিনারা না পেয়ে তাঁরা ট্রলার নিয়ে সাগরে ভাসতে থাকেন। ট্রলারের খাবার ও পানি ১০-১২ দিনের মধ্যেই শেষ হয়ে যায়। প্রায় মাসখানেক তাঁরা সাগরে ভাসতে থাকেন। এ সময় অনাহারে থাকতে থাকতে কাওসার মুসুল্লি (১৮) নামের এক জেলের মৃত্যু হয়। একপর্যায়ে তাঁরা ভাসতে ভাসতে মিয়ানমারের জল সীমানায় পৌঁছান। তখন তাঁদের আটক করা হয়। পরে ৯ জনকেই কারাগারে পাঠানো হয়। আর কাওসারের মরদেহ মিয়ানমারে দাফন করা হয়।
মহিপুর থানার সেরাজপুর গ্রামের জেলে জাহিদুল ইসলাম বলেন, পরিবার-পরিজনকে ফিরে পাবেন, তা তিনি স্বপ্নেও ভাবেননি। প্রথমে ভেবেছিলেন সাগরেই তাঁদের না খেয়ে মৃত্যু হবে। পরে ভাবতেন মিয়ানমারের কারাগার থেকে আর মুক্তি পাবেন না। নতুন জীবন ফিরে পেয়েছেন। এখন নিজের বাড়ি ফিরে আসতে পেরে তিনি খুবই আনন্দিত।
লতাচাপলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আলীপুর মৎস্য আড়তদার সমিতির সভাপতি মো. আনসার উদ্দিন মোল্লা বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে নিযুক্ত বাংলাদেশের প্রধান কনস্যুলেটর শাহ আলম এই জেলেদের মুক্তির জন্য কাজ করেছেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করে জেলেদের মুক্তি দেয়।