নিখোঁজের ৫১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালী থেকে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ৫১ দিন পর নগরের পতেঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে নিখোঁজ স্কুলছাত্রীকে বাঁশখালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করে চট্টগ্রামের পতেঙ্গা থানা-পুলিশ।
পুলিশ জানায়, দেড় মাসেরও বেশি সময় আগে নিখোঁজ হওয়া ওই ছাত্রী অসুস্থ অবস্থায় ঘোরাফেরা করছিল। এ সময় পতেঙ্গা থানার পুলিশ নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করে। গতকাল শনিবার সকালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে চট্টগ্রামের পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, গত শুক্রবার কাটগড় এলাকার একটি গলির কাছে মেয়েটি ঘোরাফেরা করছিল। এ সময় অসংলগ্ন আচরণ দেখে এলাকাবাসী তাকে থানায় দিয়ে যায়। সে অসুস্থ ছিল। পরে বাঁশখালী থানা থেকে পুলিশের একটি দল এসে মেয়েটিকে শনাক্ত করে। পুলিশের সঙ্গে মেয়েটির আত্মীয়-স্বজনও ছিল।
উদ্ধার হওয়া ছাত্রীর মামা বলেন, ভাগনিকে খুব অসুস্থ অবস্থায় পেয়েছেন। মেয়েটি তার খালার কাছে থেকে পড়ালেখা করত। এক ভাই চার বোনের মধ্যে সবার বড় সে।
বাঁশখালী থানার উপপরিদর্শক মোস্তফা চৌধুরী বলেন, গত ৪ জুলাই বেলা ১১টার দিকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। অপহরণের ছয় দিন পর ১০ জুলাই ওই ছাত্রীর পরিবার থানায় মামলা করে। মামলায় আসামি করা হয় মিজানুর রহমান (২৪) ও ফেরদৌস রহমানকে (২২)। তাঁরা সম্পর্কে ভাই। অপহৃত ছাত্রী ও আসামিদের বাড়ি একই এলাকায়। জিজ্ঞাসাবাদের জন্য ৯ আগস্ট এহসান রানা (২২) নামে একজনকে আটক করে পুলিশ। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
বাঁশখালী থানার উপপরিদর্শক মোস্তফা চৌধুরী বলেন, ওই ছাত্রীকে গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসকেরা তার মানসিক স্বাস্থ্য ভালো নয় বলে জানিয়েছেন। বর্তমানে মেয়েটি সেখানেই ভর্তি আছে।