নিখোজের দুদিন পর ছাত্রীর লাশ উদ্ধার, কৃষককে কুপিয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিখোঁজের দুদিন পর এক স্কুলছাত্রীর লাশ গতকাল শুক্রবার উদ্ধার করা হয়েছে। জেলার শিবগঞ্জ উপজেলার চল্লিশছত্র ঘুগারপাড়া গ্রামের হোসেন আলী (৫৫) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে দুষ্কৃতকারীরা। একই দিন নওগাঁ শহরের বাইপাস সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: শাজাহানপুরের মাড়িয়াপুকুর গ্রামের হাসমত আলী জানান, গত বুধবার বিকেলে তাঁর মেয়ে জেসমিন আরা (১২) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না আসায় অনেক খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি৷ গতকাল সকালে এলাকাবাসীর মাধ্যমে জামুন্না থানা পাড়ায় একটি ভুট্টাখেত থেকে এক কিশোরীর লাশ উদ্ধারের খবর পান৷ পরে তিনি সেখানে গিয়ে পোশাক দেখে জেসমিনের লাশ শনাক্ত করেন৷ জেসমিন উপজেলার জামুন্না পল্লীবন্ধু উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল৷
শিবগঞ্জ (বগুড়া): উপজেলার চল্লিশছত্র ঘুগারপাড়া গ্রামের হোসেন আলী বৃহস্পতিবার রাত নয়টার দিকে বাড়ি থেকে বের হন৷ এরপর রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি৷ গতকাল সকালে গ্রামের পাশে ধানখেতের আইলে তাঁর ক্ষতবিক্ষত লাশ দেখতে পান গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে৷
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সন্দেহ করছে, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁর হাত বেঁধে পেট ও গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করেছে৷ পরে তাঁর লাশ খেতের আইলে ফেলে রেখে যায়। শিবগঞ্জ থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, খুনিদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
আদমদীঘি (বগুড়া): গ্রামবাসী ও নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানায়, গতকাল ভোরে শহরের বাইপাস সড়কের খলিশাকুড়ী গ্রামের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। সকাল আটটার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
থানার ওসি জাকিরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাকে হত্যা করে এখানে লাশ ফেলে রেখে গেছে। লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে৷ মৃত ব্যক্তির পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।