নিচতলার সেই ভাড়াটে দম্পতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজারের বেড়িবাঁধসংলগ্ন এলাকায় নিজ বাসায় গৃহবধূ শাহনেওয়াজ খুনের ঘটনায় করা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার করা আসামিরা হলেন, ওই বাসার নিচতলার ভাড়াটে মামুন ও তাঁর স্ত্রী পারুল বেগম। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর অষ্টজঙ্গল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গৃহবধূ শাহনেওয়াজকে গত মঙ্গলবার দুপুরে নিজ বাসার দোতলায় খুন করে তাঁর স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান কাগজপত্র লুট করা হয়। নিহত শাহনেওয়াজ ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে ভাড়াটে মামুন ও পারুল পলাতক ছিলেন।এ ঘটনায় এসআই ময়নাল মঙ্গলবার রাতে মামুন ও পারুলসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় সাত-আটজনকে আসামি করে দেবীদ্বার থানায় হত্যা মামলা করেন। এ মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।