টানা বৃষ্টির কারণে ডুবে গেছে চট্টগ্রাম নগরের নিচু এলাকা। অধিকাংশ রাস্তাঘাটে হাঁটু বা কোমর পর্যন্ত পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দোকানপাট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে।নগরের চান্দগাঁও, কাপাসগোলা, পাঁচলাইশ, বাঁকলিয়া, হালিশহর, চকবাজার, আগ্রাবাদ সিডিএ, চাক্তাইসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেওয়ায় দুর্ভোগের মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গত বৃহস্পতিবার রাত এবং গতকাল শুক্রবার সকালে আবারও ভারী বৃষ্টি হওয়ায় এসব এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। কোনো কোনো স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি উঠেছে। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১২৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে চট্টগ্রামসহ দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরের চকভিউ মার্কেটে বৃহস্পতিবার রাতে একবার ও শুক্রবার দুপুরে দ্বিতীয়বারের মতো পানি ঢোকে। একইভাবে কাপাসগোলার কিছু কিছু বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে বৃহস্পতিবার রাতে প্রথম দফা পানি ঢোকে বলে জানান স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান। এরপর গতকাল সকালের ভারী বৃষ্টিপাতে পুনরায় এই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। কাপাসগোলা সড়কের হাসমত আলী শালকর, রিভু স্টোরসহ বেশ কিছু দোকানে গতকাল বেলা ১২টার দিকে পানি ঢোকে। ওই এলাকায় কোমর সমান পানি দেখা গেছে।এ ছাড়া বাঁকলিয়া, ডিসি রোড ও মৌসুমি বিল্ডিং এলাকা জলাবদ্ধতার কারণে স্থবির হয়ে পড়ে। এখানকার লোকজন বৃহস্পতিবার রাত থেকেই পানিবন্দী রয়েছে। বাঁকলিয়া তিন নম্বর সড়কের স্থানীয় বাসিন্দা সাইফুদ্দিন জানান, ‘রাত থেকে গলিতে প্রচুর পানি। জরুরি প্রয়োজনে যাঁদের বের হতে হয়েছে, তাঁরা এই কোমর সমান পানি ভেঙে গেছেন।’এদিকে পানির স্রোতে চাক্তাই খালের মাস্টারপুল অংশে ওয়াসার পানির লেইন ফেটে যাওয়ায় ওই এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। লোকজন নিত্যব্যবহার্য বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। বৃহস্পতিবার রাত থেকে চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। চট্টগ্রাম ছাড়াও সন্দ্বীপ ও সীতাকুণ্ডতেও টানা বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।