নিচে জ্বলন্ত উনুন, ওপরে পাঠাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি বড় ডেকচিতে রান্না হচ্ছে। পোলাও, গরুর রেজালা। ঘ্রাণে ভুরভুর চারদিক। প্রচণ্ড ধোঁয়া ২৬ জুনের গরমের দুপুরটাকে আরও ঝাঁজালো করে দিল।

চুলা বরাবর ওপরে দোতলায় পাঠাগার। তাই সেখানে বসার পরিবেশ নেই। চোখ জ্বলে একাকার। গ্রন্থাগারিক আশরাফ কবির অসহায় কণ্ঠে বললেন, ‘প্রতিদিন যে এখানে রান্না হয়, তা না। তবে এলাকার লোক চাইলে আমাদের কিছু করার থাকে না। কী আর করা!’

পাঠাগারটির নাম ‘তাজউদ্দিন স্মৃতি পাঠাগার’। ওয়ারী থেকে নারিন্দা রোডে ঢুকতে হাতের ডানে ফকির চান কমিউনিটি সেন্টার। এর দোতলায় পাঠাগারটি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যে সাতটি পাঠাগার পরিচালনা করে, এটি তার একটি। প্রতিদিন বেলা দুইটায় পাঠাগারটি খোলা হয়। আর আলো নেভে রাত আটটায়। সরকারি ছুটির দিন বন্ধ।

পাঠাগারে লম্বাটে ধরনের এক টেবিলের চারপাশে আট-দশটি প্লাস্টিকের চেয়ার। এই হলো বসার ব্যবস্থা। জানা গেল, একবারে এর চেয়ে বেশি পাঠক হয় না। আর সেদিন রোববার দুপুর গড়ালেও কোনো পাঠক তখন পর্যন্ত আসেননি। আশরাফ কবির মনে করেন, পাঠক আকর্ষণের জন্য খবরের কাগজ রাখা জরুরি। পাঠক কাগজ পড়তে আসবেন, যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন। কিন্তু এখানে পত্রিকা বা সাময়িকী নেই।

মনে হলো, পাঠাগারটি পরিচালনা ও ব্যবস্থাপনায় শৃঙ্খলার অভাব রয়েছে। ১৯৯৭ সালে যাত্রা শুরুর পর একবার উচ্ছেদের কবলেও পড়তে হয়েছে। শুরুতে নাম ছিল ওয়ারী পাঠাগার। ঠিকানা ছিল টিপু সুলতান রোডের আবদুর রহীম কমিউনিটি সেন্টারের চতুর্থ তলায়। ২০০৬ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসার পর কমিউনিটি সেন্টার যৌথ বাহিনীর ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়। এতে বন্ধ হয়ে যায় পাঠাগারের কাজকর্ম। দুই বছর বাদে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে পাঠাগারটির জায়গা হয় নারিন্দার ফকির চান কমিউনিটি সেন্টারে।

ওয়ারী পাঠাগার প্রতিষ্ঠিত হয়েছিল স্থানীয় উদ্যোগে। তথ্যমতে, তাজউদ্দিন ছিলেন এখানকারই একজন সাবেক কাউন্সিলরের বাবা, যিনি নিজেও একাধিকবার নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। গুণীজন হিসেবে এলাকায় খ্যাতি ছিল তাঁর।

এই কমিউনিটি সেন্টার দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি। এখানে পাঠাগার ছাড়াও আছে মেয়েদের জন্য হাবিবুল্লাহ বাহার শরীরচর্চা কেন্দ্র, নৃত্য ও সংগীত শিক্ষা কেন্দ্র। এ দুটো প্রতিষ্ঠানের নামফলক থাকলেও পাঠাগারটির কোনো নাম কোথাও দেখা গেল না।

এখানে বইয়ের সংখ্যা ৪ হাজার ৭৩৪। এর মধ্যে সিটি করপোরেশন থেকে দেওয়া হয়েছে ৫০টি বই। বাকিগুলো স্থানীয় উদ্যোগে সংগৃহীত। কার্ডধারী পাঠকের সংখ্যা আড়াই শ। নিয়মিত উপস্থিতি ১০ থেকে ১৫ জন। আশপাশের জনপদ লক্ষ্মীবাজার, ফরিদাবাদ, যাত্রাবাড়ী থেকে পাঠক তো আসেনই, আসে আরও কিছুটা দূরবর্তী শনির আখড়া, ডেমরা, কাজলা, মাতুয়াইল এলাকা থেকে।

এই পাঠাগারে উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র, বাংলাপিডিয়া। শিক্ষার্থীদের আকর্ষণ করার জন্য আছে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের কিছু একাডেমিক এবং কিছু সহায়ক বই।

দনিয়ার নাসিরউদ্দিন সড়কের বাসিন্দা আতিকুর রহমান বলছিলেন, রান্না চলার সময় এখানে বসা যায় না। তাই দূর থেকে এসেও ফিরে যেতে হয়। বইয়ের সংখ্যাও আরও বাড়ানো দরকার। দরকার পড়ার পরিবেশ আর উন্নত করা।

লক্ষণীয় হলো, পাঠাগারটিতে সিলিং ফ্যান নেই। কারণ, সিলিং ফ্যান বসানোর হুকও নেই। ভরসা তাই স্ট্যান্ড ফ্যান। চার্জার লাইট নেই। নেই পৃথক শৌচাগার।

পাঠাগারগুলো দেখভালের দায়িত্বে সিটি করপোরেশনের সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিভাগ। এর সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা আফজালুল আজম বললেন, ‘পাঠাগারটির যা যা সমস্যা আছে, তা সমাধানে আমরা আন্তরিক। আমরা আমাদের চাহিদা ইতিমধ্যেই জানিয়েছি। ঈদের পরেই পাঠাগারটি তৃতীয় তলায় অপেক্ষাকৃত বৃহৎ কক্ষে স্থানান্তর করা সম্ভব হবে।’

রান্নাবান্নার কারণে পাঠকদের সমস্যার বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হাসানের বক্তব্য জানা সম্ভব হলো না। সোমবার দুপুরবেলা একাধিকবার ফোন করেও বন্ধ পাওয়া গেল তাঁর মুঠোফোন।