
নিউ ইস্কাটন থেকে গাড়ি উড়ালসড়কে উঠে নিমেষে চলে গেল মগবাজারের দিকে। ওয়্যারলেস এলাকায় রাশমনো হাসপাতাল পর্যন্ত পৌঁছে উড়ালসড়ক থেকে নামতেই শুরু বিড়ম্বনার। কারণ, এরপর মৌচাকের দিকে যাওয়ার এবং বিপরীত দিকের সড়ক এবড়োখেবড়ো। ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে আছে অনেক স্থানে। কোথাও কোথাও পয়োবর্জ্য ও গৃহস্থালির বর্জ্য একাকার হয়ে আছে।
গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার এলাকায় গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
আট কিলোমিটার দীর্ঘ মগবাজার-মৌচাক উড়ালসড়কের নিউ ইস্কাটন-ওয়্যারলেস পর্যন্ত এক কিলোমিটার অংশের উদ্বোধন হয়েছে গত বৃহস্পতিবার সকালে। ঈদের ছুটির পর এখনো কর্মমুখর দিন শুরু হয়নি, যানবাহনও কম। তাই উড়ালসড়কেও গাড়ির চলাচল কম। ইস্কাটন এলাকায় কর্তব্যরত একজন ট্রাফিক পুলিশও বলেন, দু-এক দিন পরই অবস্থা বোঝা যাবে। তারপরও গত দুদিন যেসব গাড়ি চলাচল করেছে, সেগুলোর চালক-আরোহীরা উড়ালসড়কে উঠে যতটা স্বচ্ছন্দ পেয়েছেন, তার চেয়ে বেশি পড়েছেন বিড়ম্বনায়।
কাঁঠালবাগান থেকে নিজেই গাড়ি চালিয়ে এসেছেন ব্যাংক কর্মকর্তা ফেরদৌস আহমদ। সঙ্গে স্ত্রী-সন্তান। যাবেন রাজারবাগে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উড়ালসড়ক থেকে নেমে চলতে চলতে হঠাৎ থেমে গেল তাঁর গাড়ি। এক পাশে গাড়ি দাঁড় করিয়ে তিনি পাশের এক দোকানির কাছে জানতে চাইলেন, ‘সামনের রাস্তা কি ঠিক হয়েছে?’ দোকানি প্রথমে হাসলেন। পরে বললেন, ‘আগাইয়া যান, বুঝবেন।’
বুধবার হওয়া বৃষ্টির পানি এখনো সড়কের খানাখন্দে জমে আছে। মৌচাক যাওয়ার পথে দেখা গেল, ওই সড়কটি গাড়ি চলাচলের উপযোগীই করা হয়নি। চলতে চলতে গাড়ি এপাশ-ওপাশ করছে, যেন নদীর জলে নৌকা চলছে।
মৌচাক থেকে মগবাজার মোড় পর্যন্ত সড়কের অবস্থা আরও খারাপ। মৌচাক মোড়ে একটি বিশাল গর্ত, পানি জমে পুকুর হয়ে গেছে। ভেতরে বিপজ্জনকভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে বড় বড় রড। সেখান থেকে পশ্চিম দিকে মগবাজার মোড় পর্যন্ত নির্মাণাধীন উড়ালসড়কের দুপাশে বড় বড় ব্লক, রড। দক্ষিণ দিকের রাস্তায় প্রতিদিন রিকশা-অটোরিকশা উল্টে পড়ার ঘটনা ঘটছে বলে জানান পার্শ্ববর্তী দোকানের লোকজন। এর আগে বৃহস্পতিবার বিকেলে গিয়ে দেখা যায়, এক একটি বাস যাচ্ছে আর পথচারী, রিকশা যাত্রীদের গায়ে আছড়ে পড়ছে ময়লা পানি।
দেখা যায়, উড়ালসড়কের ২৩০ থেকে ২৪৩ নম্বর স্তম্ভ পর্যন্ত নিচের সড়ক পয়োবর্জ্যের পানিতে ভরে গেছে। সেই বর্জ্য মাড়িয়ে চলতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ছাড়াও অন্য পথচারীদের। দুপাশের দোকানি ও কর্মচারীরা সার্বক্ষণিকভাবে নাকে মাস্ক পরে থাকেন। দ্রুতগতিকে কোনো গাড়ি যাওয়ার সময় সড়কে জমে থাকা বর্জ্য ভরা পানি দোকানে এসে পড়ে। তাই সামনের দোকানগুলোর শাটারের কিছু অংশ বন্ধ রেখে কাজ চালানো হচ্ছিল।
গত ৩০ মার্চ ‘মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার’ প্রকল্পে দুই কিলোমিটার দীর্ঘ হলি ফ্যামিলি-সাতরাস্তা অংশ চালু হয়। ওই সময়ে তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে বলা হয়েছিল, মৌচাক-বাংলামোটর থেকে মড়বাজার হয়ে মৌচাক পর্যন্ত উড়ালসড়ক চালু হবে গত জুনে। কিন্তু প্রায় তিন মাসের মাথায় চালু হলো এর অর্ধেক অংশ। বাকি অংশ মৌচাক, মালিবাগ, রাজারবাগ পুলিশ লাইনস, চৌধুরীপাড়া (রামপুরা) এবং শান্তিনগর চৌরাস্তার কাজ শেষ হওয়ার কথা আগামী ডিসেম্বরে। পুরো উড়ালসড়কের নির্মাণকাজ শেষ হলে প্রতিদিন ৫০ হাজার মোটরযান এর ওপর দিয়ে চলাচল করতে পারবে বলে প্রকল্পকারী কর্তৃপক্ষ জানায়। কিন্তু উড়ালসড়ক পুরোপুরি চালু হলেও নিচের সড়কের দুর্ভোগ ঘুচবে কি না—এলাকাবাসী বুঝতে পারছে না।
উড়ালসড়কের কারণে সৃষ্ট নিচের সড়কগুলোয় জনদুর্ভোগ কবে মিটবে—এমন প্রশ্ন করা হলে এলজিইডির কর্মকর্তারা বলেছেন, উড়ালসড়কের নিচের সড়ক মেরামতের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল আমিন বলেন, প্রকল্প এলাকার সড়ক মেরামত করবে উড়ালসড়ক নির্মাণকারী কর্তৃপক্ষ, সিটি করপোরেশন নয়।