নিচে স্কুল, ওপরে মার্কেট
নড়াইলের কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমানের বিরুদ্ধে লোহাগড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা ও একতলা ভবন দখল করে মার্কেট নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই চেয়ারম্যানের ভাই বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি। তাই প্রভাব খাটিয়ে ওই চেয়ারম্যান মার্কেট নির্মাণের বিষয়ে পরিচালনা পর্যদের অনুমোদন নিয়েছেন। এলাকাবাসী এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ইউএনও গত মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে মার্কেট নির্মাণ বন্ধের নির্দেশ দিলেও তা কার্যকর করা হয়নি।সরেজমিনে দেখা গেছে, লোহাগড়া উপজেলার বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বড়দিয়ায় অবস্থিত। বিদ্যালয়টির চারপাশে বড়দিয়া বাজার। বিদ্যালয়ের দক্ষিণ পাশের একতলা ভবনের ওপর এবং ওই ভবনের পাশের জায়গায় দ্বিতল ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন এই ভবনের দোতলায় তিনটি কক্ষ তৈরি করা হয়েছে। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দীপক কুমার বালা বলেন, ‘কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান নিজের ব্যবহারের জন্য এই মার্কেট ভবন নির্মাণ করছেন। এটি নির্মাণ করতে গিয়ে বিদ্যালয়ের একটি পুরোনো কক্ষ ও শৌচাগার ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি মৌখিক ও লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৯ জুন বিদ্যালয় পরিচালনা পর্ষদের একটি সভা হয়। সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হলো খান শামীম রহমান নিজ খরচে দোতলা ঘর নির্মাণ করবেন ও প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো একতলা ভবনের দোতলাটুকু সিঁড়িসহ নির্মাণ করবেন। ফাঁকা জায়গার ভাড়া হিসেবে তিনি প্রতি মাসে ৫০০ টাকা বিদ্যালয়ের তহবিলে নগদ দেবেন। ভাড়া দেওয়ার ব্যাপারে একটি চুক্তিও হয়েছে। এলাকাবাসী জানান, উপজেলা চেয়ারম্যান খুব প্রভাবশালী এবং এ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি খান আবদুল মতিন চেয়ারম্যানের বড় ভাই। একই সঙ্গে তিনি নড়াগাতি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাই প্রধান শিক্ষক ভয়ে এ কাজে সহযোগিতা করছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চেয়ারম্যানের বড় ভাই খান আবদুল মতিন বলেন, ‘বিদ্যালয়ের স্বার্থে মাসিক ৫০০ টাকা ভাড়া চুক্তিতে উপজেলা চেয়ারম্যানকে ওই জায়গায় মার্কেট করতে দেওয়া হয়েছে। এখন কাজ বন্ধ রাখা মানসম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’লোহাগড়ার ইউএনও অরুণ কুমার মণ্ডল জানান, এ ঘটনা বিস্ময়কর। উপজেলা চেয়ারম্যান নিজে বসে থেকে কাজ করাচ্ছেন। সরকারি অনুমতি না নিয়ে নিজের ব্যবহারের জন্য কেউ সরকারি বিদ্যালয়ের জায়গা ও ভবনের ওপর মার্কেট নির্মাণ করতে পারেন না। স্কুল কমিটির এ ধরনের চুক্তি করার এখতিয়ার নেই। উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমানকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে বুধবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত বহুবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।