নিজ উদ্যোগে গভীর নলকূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার কোতোয়ালি রোডের মুখে একটি গভীর নলকূপের পানি স্বল্প মূল্যে বিতরণ করা হয়। এই পানি সংগ্রহ করতে প্রতিদিন প্রচুর ভিড় হচ্ছে। শাঁখারীবাজার, তাঁতীবাজারসহ চারপাশের এলাকার বাসাবাড়ি ও রাস্তার কলে ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধ, তাই পানির কষ্ট। কষ্ট কিছুটা লাঘব করছে স্থানীয়দের নিজ উদ্যোগে বসানো এই গভীর নলকূপের পানি।

গত বৃহস্পতিবার এলাকায় গিয়ে পানি বিতরণের দৃশ্য দেখা যায়। আগে বাসাবাড়ির কলে আসা পানিতে দুর্গন্ধ থাকায় রাস্তার কল থেকে এলাকাবাসী পানি সংগ্রহ করতেন। কিন্তু প্রায় তিন মাস ধরে সেই পানিতেও দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। তাই বাসিন্দারা নিরুপায় ছিলেন। 

সম্প্রতি ৩/৪ কোতোয়ালি রোডে (শাঁখারীবাজারের পশ্চিম প্রান্তে তাঁতীবাজারে ঢোকার মুখে) একটি গভীর নলকূপ বসানো হয়েছে। এলকাবাসীর দাবি, বৈধভাবে গভীর নলকূপটি বসানো হয়েছে। সেখান থেকে রাত-দিন পানি বিতরণ হচ্ছে নামমাত্র দাম নিয়ে। দুপুর ১২টার দিকে সেখানে দেখা যায়, পানি সংগ্রহে আসা মানুষের লম্বা সারি। আশপাশের এলাকার বাসিন্দা ও দোকানের লোকজন এই সারিতে। সবার হাতে ছোট-বড় পানির বোতল বা জার। গভীর নলকূপের পানি নলের মাধ্যমে বোতলে দেওয়া হচ্ছে। পাঁচ লিটারের নিজস্ব জারে পানি ভর্তি করে কেউ দিচ্ছেন চার টাকা, কেউ পাঁচ টাকা। দুই লিটারের বোতল সর্বোচ্চ দুই টাকা।

পাটুয়াটুলীর ঘড়ির মার্কেটের এক দোকানের কর্মচারী তোফায়েল বলেন, এখান থেকে পানি নিয়ে নিশ্চিন্ত মনে পান করেন তাঁরা। ইসলামপুর নবাববাড়ির একটি কাপড়ের দোকানের কর্মচারী আবুল হোসেন বলেন, একটু দূর হলেও কম দামে বিশুদ্ধ পানি পাওয়া যায়। তাই এখান থেকেই পানি সংগ্রহ করেন। পানিটোলা এলাকার দোকানি সুদেব ঘোষ বলেন, বর্তমানে তাঁরা কোতোয়ালি থেকে জারভর্তি পানি সংগ্রহ করেন। সে পানি ফুটানোরও দরকার হয় না।

কোতোয়ালিতে পানি সংগ্রহে এসেছেন রাজার দেউড়ি, তাঁতীবাজার, কোর্ট হাউস স্ট্রিটের এলাকাবাসীও।

শাঁখারীবাজারের মুখে শনির মন্দিরের কাছে ওয়াসার একটি কল থেকে এলাকাবাসী পানি সংগ্রহ করতেন। দেখা গেল, কলটির মুখে কাপড় বাঁধা। কারণ ওই পানিও বিশুদ্ধ নয়। আগে পানি সংগ্রহকারী লোকজনের ভিড় হতো। এখন লোকজন প্রায় নেই। রাজার দেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওয়াসার একটি কল থেকেও পানি সংগ্রহের জন্য লোকজন ভিড় করতেন।

ঢাকা ওয়াসার স্থানীয় আঞ্চলিক কার্যালয় থেকে বলা হয়, প্রধানত ওয়াসার পুরোনো পাইপলাইনের কারণে পুরান ঢাকার পানিতে দুর্গন্ধ। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে শিগগিরই পুরান ঢাকায় মোটা পাইপলাইন বসানোর কাজ শুরু হবে। কাজ শেষ হলে আশা করা যায় বিশুদ্ধ পানি পাওয়া যাবে।