নিজ এলাকার উন্নয়নচিত্র তুলে ধরতে নুরুল ইসলাম বিএসসির মতবিনিময়
চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং নগরে আরও বেশিসংখ্যক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন স্থানীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি। গতকাল শনিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে কোতোয়ালি-বাকলিয়া আসনে উন্নয়নের চিত্র তুলে ধরতে সাংসদ নুরুল ইসলাম এ মতবিনিময়ের আয়োজন করেন। মতবিনিময় সভায় নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, আওয়ামী লীগের নেতা জামশেদুল আলম, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন ও সাবেক কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম উপস্থিত ছিলেন। নুরুল ইসলাম বিএসসি আরও বলেন, ‘সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার আগে থেকেই চট্টগ্রামের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে কাজ করে আসছি। সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীও সিটি করপোরেশনের মাধ্যমে অনেকগুলো বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তবুও চট্টগ্রামে আরও সরকারি কলেজ- বিদ্যালয় দরকার।’ নুরুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। বাকলিয়ায় একটি ডায়াবেটিক হাসপাতাল করা হচ্ছে। সরকার ইতিমধ্যে এ হাসপাতালের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আমার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ব্যক্তিগত তহবিল থেকে গভীর নলকূপ বসানো হয়েছে। পর্যায়ক্রমে পানি সমস্যা দূর করা হবে।’ নগরে জলাবদ্ধতা নিরসন না হওয়ায় সিটি করপোরেশনের সমালোচনা করেন সাংসদ নুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, ‘জলাবদ্ধতা কমিয়ে আনতে আমি সরকারের কাছ থেকে ৩০ কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করেছি। কিন্তু নগরে জলাবদ্ধতা সমস্যা কেটে যায়নি।’