নিজ কক্ষে অস্ত্র ঠেকিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর থানার একজন শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) নিজ কক্ষে মাথায় অস্ত্র ঠেকিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুজন সরকার (২৮)। তিনি মাগুরার শালিখা উপজেলার তারাপদ সরকারের ছেলে।

গতকাল শুক্রবার মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন জানান, মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

সুজন সরকারের মেজো ভাই গৌতম সরকার জানান, তাঁর ভাই খুবই চুপচাপ ও ভাবুকপ্রকৃতির ছিলেন। মাঝেমধ্যে মানসিক সমস্যায় ভুগতেন। তবে মানসিক সমস্যা এ মৃত্যুর কারণ কি না, তা তাঁরা জানেন না। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা ডান হাতে অস্ত্র ধরা অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়ে থাকতে দেখেছেন।

থানার কর্মকর্তারা জানান, ছয় মাস আগে পিএসআই হিসেবে সুজন সরকার মেহেরপুর সদর থানায় যোগ দেন। সদর থানা ভবনের দ্বিতীয় তলায় পুলিশ ব্যারাকের একটি কক্ষে থাকতেন তিনি। বৃহস্পতিবার দুপুরের বিশ্রামের পর সন্ধ্যায় অন্য সহকর্মীরা বাইরে বেরিয়ে যাওয়ার পর তিনি এ ঘটনা ঘটান। রাত সাড়ে আটটার দিকে সুজনের খোঁজে সহকর্মীরা কক্ষে গেলে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ব্যবহূত অস্ত্রটি সুজনের নিজের ছিল। দায়িত্বে যাওয়ার জন্য ওই দিন বিকেলে অস্ত্রটি তাঁর নামে ইস্যু করা হয়।