নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যে ২৫ জন কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে তথ্যও সংগ্রহ করা হয়েছে। দুদক ছাড়াও একটি গোয়েন্দা সংস্থা কমিশনের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে।কমিশনের কর্মকর্তাদের হয়রানির শিকার ও ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় ইতিমধ্যে চার উপপরিচালক ও তিন সহকারী পরিচালকসহ প্রায় এক ডজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। গত ২৪ জানুয়ারি চট্টগ্রামে দুদকের উপপরিচালক এম এম সাব্বির হাসান ১০ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার হওয়ার পর দেশব্যাপী দুদকের কর্মকর্তাদের ওপর নজরদারি বাড়ানো হয়। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘দুদকের কর্মকর্তা বলে কেউ ক্ষমতার অপব্যবহার করবেন, জনগণকে হয়রানি করবেন, সে সুযোগ দেওয়া হবে না। ইতিমধ্যে অভিযোগের তদন্ত শেষে বেশ কয়েকজন অপরাধী কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অন্যায় করলেই শাস্তি দেওয়া হবে।’দুর্নীতির প্রাথমিক তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ায় দুদকের আরেক উপপরিচালক ঢালী আবদুস সামাদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন দুদক চেয়রম্যান।দুদকের নামে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা-পয়সা নেওয়ার অভিযোগে তিন হাবিলদার ও দুই কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক অভিযোগকারীকে তদন্তের আশ্বাস দিয়ে, তাঁর বাসায় গিয়ে টাকা নেওয়ার অভিযোগে অন্য এক হাবিলদার ও এক কনস্টেবলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এ ছাড়া ঘুষ নিতে গিয়ে র্যাবের হাতে আটক রয়েছেন আরও দুই কনস্টেবল। তবে এই গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার যোগাযোগ রয়েছে কি না, তা তদন্তের স্বার্থে কারও নাম প্রকাশ করা হচ্ছে না। দুদক সূত্র জানায়, দুর্নীতির ঘটনা অনুসন্ধানকালে অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সুবিধা চাওয়া এবং এ সংক্রান্ত বিষয়ে তাঁদের সঙ্গে মুঠোফোনে কথোপকথনের সূত্র ধরে দুদকের সাত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করছে দুদকের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। মারাত্মক দুর্নীতিগ্রস্ত দুদকের তিন উপপরিচালক, দুই সহকারী পরিচালক ও তিন হাবিলদারের বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে। মক্কেলের সঙ্গে অর্থ লেনদেনসংক্রান্ত তাঁদের কথোপকথনের রেকর্ডও জোগাড় করেছে তদন্তকারী দল। অভ্যন্তরীণ দুর্নীতি ঠেকাতে ইতিমধ্যে কিছু নির্দেশনাও জারি করেছে দুদক।