নিজ ক্যাম্পাসেই স্বজনসহ লাঞ্ছিত হলেন দুই ছাত্রী
বোন আর দুলাভাইকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছিলেন চারুকলা অনুষদের দুজন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়েরই তিনজন রিকশারোহী ছাত্র পেছন থেকে তাঁদের উত্ত্যক্ত করেন। দুলাভাই প্রতিবাদ করায় চারজনকেই লাঞ্ছিত করেন ওই ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের সামনে গত শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। গতকাল রোববার চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এর বিচার চেয়ে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন। লাঞ্ছিত এক ছাত্রী প্রথম আলোকে বলেন, বোন-দুলাভাইসহ তাঁরা চারজন টিএসসি থেকে হেঁটে নীলক্ষেতের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তিনজন ছাত্র আপত্তিকর মন্তব্য করলে দুলাভাই এর প্রতিবাদ করেন। সঙ্গে সঙ্গে ওই ছাত্ররা রিকশা থেকে নেমে এসে তাঁকে বেধড়ক মারধর করেন। এতে তাঁর নাক ফেটে রক্ত বেরোতে থাকে। জহুরুল হক হল থেকে আরও কয়েকজন এসে তাঁদের সঙ্গে যোগ দেন। চারজনকেই তাঁরা মারধর করেন। ঘটনা দেখে জড়ো হওয়া লোকজনের সহায়তায় তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ বিষয়ে প্রক্টর আমজাদ আলী বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারাই জড়িত হোক না কেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’