নিজ গাড়ির চাপায় চালক নিহত
জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রুবেল হোসেন (২৫) নামের ইটবোঝাই একটি ভটভটির (স্থানীয় যান) চালক নিহত হয়েছেন।
আজ রোববার বেলা ১১টার দিকে নান্দিনা পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন জামালপুর পৌর শহরের লাঙ্গজোড়া এলাকার কেলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে জামালপুর পৌর শহর থেকে ইটবোঝাই ভটভটি চালিয়ে রুবেল নান্দিনা এলাকায় যাচ্ছিলেন। নান্দিনা পশ্চিম বাজার এলাকায় পৌঁছালে তিনি ভটভটির নিয়ন্ত্রণ হারালে তা উল্টে যায়। এ সময় চালক রুবেল ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।