নিজ গ্রামে সংবর্ধিত প্রাণ গোপাল দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্তকে তাঁর নিজ গ্রাম কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইলে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০১২ সালের স্বাধীনতা পদকে ভূষিত হওয়ায় গতকাল শুক্রবার মহিচাইল উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় জনগণের পক্ষ থেকে তাঁকে ওই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় উপজেলার বিভিন্ন প্রান্তের লোকজন উপস্থিত ছিলেন। তুমুল করতালি আর ফুলেল শুভেচ্ছায় তাঁরা এই কৃতী চিকিৎসককে সিক্ত করেন। এলাকাবাসীর এমন ভালোবাসার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করে প্রাণ গোপাল বলেন, ‘আমি অতি সাধারণ মানুষ। সাধারণ মানুষের মতোই আমার জীবনযাপন। আমি যেন এভাবেই বেঁচে থাকতে পারি, আপনারা সে আশীর্বাদ করবেন।’ চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল আহসান মজুমদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাংসদ মো. আলী আশরাফ ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি আমার ছোট ভাইয়ের সংবর্ধনায় এসেছি। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে প্রাণ গোপাল শুধু দেশের তরে লড়াই করেনি, শিক্ষাজীবন শেষে চিকিৎসাসেবা দিয়েও সেই লড়াই অব্যাহত রেখেছে।’