নিজ ঘরে কাউন্সিলরের স্ত্রীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ঘর থেকে গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর সোলায়মান মিয়ার স্ত্রী নুশরাত জাহান ওরফে টুম্পার (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই সোলায়মান পলাতক। নুশরাতের পরিবারের অভিযোগ, নির্যাতন করে তাঁকে হত্যা করা হয়েছে।

ঢাকার উত্তরার বাসা থেকে আজ সোমবার সন্ধ্যায় উত্তরা থানার পুলিশ নুশরাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

নুশরাত জাহান গাজীপুর সিটি করপোরেশনের এলাকার কোনাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের মেয়ে। আর সোলায়মান মিয়া গাজীপুর সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর। সোলায়মান কয়েক বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার উত্তরার সাত নম্বর সেক্টরের চার নম্বর সড়কের এক বাসায় বসবাস করছেন।

নুশরাতে স্বজনেরা জানান, প্রায় ১২ বছর আগে গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকার সোলায়মান মিয়ার সঙ্গে নুশরাতের বিয়ে হয়। তাঁদের অভিযোগ, বিয়ের পাঁচ বছর পর থেকে বিভিন্ন সময় নুশরাতকে নির্যাতন করতেন সোলায়মান। নারীসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গতকাল দুপুরে সোলায়মানের সঙ্গে নুশরাতের ঝগড়া হয়। আজ সকালে বাড়ির গৃহপরিচারিকা ওই বাসায় গিয়ে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে গৃহপরিচারিকা বিষয়টি ফোনে নুশরাতের মাকে জানান। খবর পেয়ে পরিবারের লোকজন ওই বাসায় গিয়ে জানালা ভেঙে দেখেন, খাটের ওপর নুশরাতের দেহ পড়ে আছে।

নুশরাতের বাবা নজরুল ইসলাম বলেন, নুশরাতকে উদ্ধার করে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় উত্তরা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। নুশরাতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে কথা বলতে কাউন্সিলর সোলায়মানের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ওই গৃহবধূকে নানাভাবে নির্যাতনের আলামত পাওয়া গেছে। তবে এটি হত্যা না অন্য কিছু, সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকেই স্বামী সোলায়মান পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।