নিজ ঘরে ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে আবদুর রশীদ তালুকদার ওরফে আবু তালুকদার (৫৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়সংলগ্ন নিজ বাড়ির দোতলার শোবার ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে পড়ে থাকা আবদুর রশীদের লাইসেন্স করা বন্দুকটি উদ্ধার করা হয়েছে।পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, ওই বাড়ির একটি ফ্ল্যাটে দ্বিতীয় স্ত্রী স্বপ্না আখতারকে নিয়ে থাকতেন রশীদ। পাশের ফ্ল্যাটে তাঁর প্রথম স্ত্রীর বড় ছেলে পরিবার নিয়ে থাকেন। স্বপ্না আখতার জানান, ভোরে ঘুম থেকে উঠে রশীদ নামাজ পড়েন। এ সময় তিনি (স্বপ্না) অন্য একটি কক্ষে মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন। ভোর ছয়টার দিকে গুলির শব্দে তাঁর ঘুম ভাঙে। পাশের কক্ষে গিয়ে দেখেন, স্বামীর গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। এ সময় ফ্ল্যাটের মূল দরজা খোলা ছিল। কেউ তাঁর স্বামীকে হত্যা করেছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন, তা বুঝতে পারছেন না।ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহকারী কালাই থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী গতকাল বিকেলে জানান, লাশের পাশে পড়ে থাকা একটি চিরকুটে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দেওয়ায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা করেছে।স্থানীয় পৌর কাউন্সিলর সাজ্জাদুর রহমান জানান, পারিবারিক টানাপোড়েনের জের ধরে বেশ কিছুদিন থেকে তিনি হতাশায় ভুগছিলেন। রশীদ জ্বালানি তেল, এলপি গ্যাস ও সারের পরিবেশক এবং ধান-চালসহ বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন।