নিজ দপ্তরে নতুন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের দপ্তর বদল করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার এ দায়িত্ব পুনর্বণ্টন করেন। আবুল কালাম আজাদ সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।নতুন সাত মন্ত্রীর মধ্যে গতকাল চার মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী নিজ মন্ত্রণালয়ে যোগদান করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী মন্ত্রণালয়ে যাননি। আগের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দেশে ফিরলে মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু শুভেচ্ছা জানাতে নতুন মন্ত্রীর বাসায় গেলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল দুপুর পৌনে ১২টায় মন্ত্রণালয়ে যান। এ সময় মন্ত্রীর কক্ষে তাঁকে স্বাগত জানান সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। হাসানুল হক ইনু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনের সঙ্গে আমি একাত্ম ছিলাম। আমি চাই, সাগর-রুনির প্রকৃত খুনিদের চেহারা দেশবাসী জানুক।’ এ কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা দরকার হলে তথ্য মন্ত্রণালয় তা দেবে বলে জানান তিনি। দুপুরে রেলভবনে যান নতুন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় তিনি বলেন, যাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন না, তাঁদের রেলপথ মন্ত্রণালয়ে থাকার সুযোগ থাকবে না। কেউ দুর্নীতি করলেও ছাড় পাবেন না। তিনি বলেন, রেলে যে জমি বেদখল হয়ে আছে, সেগুলোর তালিকা করে উদ্ধারে সঠিক পদক্ষেপ নেওয়া হবে। ট্রেনের ভাড়া ৫০ শতাংশ বৃদ্ধি প্রসঙ্গে মুজিবুল হক বলেন, ‘ঠিকমতো সেবা দিতে পারলে এই ভাড়া বৃদ্ধি নিয়ে কেউ দুঃখ করবেন না বলে আমার মনে হয়।’এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ ও মৎস্য প্রতিমন্ত্রী আবদুল হাই গতকাল নিজ নিজ মন্ত্রণালয়ে যান।