নিজ দলের কর্মীদের হাতে খুন হয়েছেন ছাত্রলীগ নেতা সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গোড়ানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলী রেজা সেতুকে (২২) হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয় লোকজন বলছেন, এ খুনের মূলে রয়েছে এলাকায় আধিপত্য বিস্তার। সেতু স্থানীয় ছাত্রলীগের নেতা। এ ঘটনায় বাবু (২১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে রাজধানীর গোড়ানে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে সেতুকে। এ সময় রনি নামের আরেকজন পায়ে গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন জানান, সেতু ও রনি এবং হামলাকারী সবাই স্থানীয় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত।পুলিশ জানায়, রোববার রাত নয়টার দিকে দক্ষিণ গোড়ানে রাস্তায় আড্ডা দিচ্ছিলেন সেতু, রনিসহ তাঁদের বন্ধুরা। সে সময় তাঁদের পরিচিত শুভ নামের এক তরুণ রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে উচ্চ স্বরে বাজে কথা বলছিলেন। পরে সেতু তাঁকে মোবাইলে আস্তে কথা বলতে বললে এ নিয়ে শুভর সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। তাৎক্ষণিকভাবে শুভ সেখান থেকে চলে যান। পরে রাত নয়টার দিকে শুভ তাঁর বন্ধু বাবু, জসীম, দুলাল, রমজানসহ ১০-১২ জনের একটি দল নিয়ে সেতুর ওপর হামলা চালান। এ সময় সেতুর বুকে ও কানে এবং রনির পায়ে গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন সেতুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। স্থানীয় লোকজন জানিয়েছেন, সেতু ও রনি স্থানীয় ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতা। যাঁরা গুলি করেছেন, তাঁরা পাশের তিলপাপাড়া মহল্লার ছাত্রলীগের কর্মী। চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এ কারণে সেতুকে খুন করা হতে পারে।মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে কথাকাটাকাটির জের ধরেই সেতুকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে আরও কোনো বিষয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।সেতুর বাবা সেলিম রেজা জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য নিয়ে তিনি রোববার রাতেই পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন।ময়নাতদন্ত শেষে গতকাল সেতুকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়েছে। আহত রনিকে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে তাঁর স্বজনেরা।