নিজ দলের নেতার মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক স্বপন দেওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির এক নেতাকে ছুরিকাঘাত করার ঘটনায় দায়ের হওয়া মামলায় গত সোমবার পুলিশ তাঁকে তাঁর জেলা শহরের নারুলীর বাসা থেকে গ্রেপ্তার করে।
বিএনপি সূত্রে জানা গেছে, ‘প্রহসনে’র জাতীয় নির্বাচন বর্জন করায় দেশবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে গত ২০ জানুয়ারি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি শেরপুর সড়ক হয়ে সাতমাথার কাছাকাছি এলে টেলিভিশনের ক্যামেরাম্যান এবং আলোকচিত্রীরা ছবি ধারণ ও তুলতে যান। এ সময় সামনের সারিতে কে আগে দাঁড়াবেন তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে হুড়োহুড়ি লাগে। একপর্যায়ে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমানকে ছুরিকাঘাত করা হয়।
এরপর ২৯ জানুয়ারি মিজানুর ছুরিকাঘাত করার অভিযোগে স্বপনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই ঘটনায় সোমবার স্বপন গ্রেপ্তার হন।
গতকাল মঙ্গলবার থানা হেফাজতে স্বপন দেওয়ান বলেন, ‘কে বা কারা তাঁকে চাকু দিয়ে আঘাত করেছে জানি না। কিন্তু সেই ঘটনায় তিনি আমাকে হাজত খাটাবেন, তা আশা করিনি।’