নিজ দায়িত্বে নদী পার টাকা নেন ইজারাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজে হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে নিয়েছেন। স্ত্রীকে বসিয়ে নিয়েছেন মোটরসাইকেলের পেছনে। তিনি এক হাতে মোটরসাইকেল, অন্য হাতে ধরে আছেন শিশুসন্তান। এভাবেই পানির ভেতর দিয়ে নদীর ওপারে গিয়ে উঠলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রামের এক ব্যক্তি। গ্রামের নাম বললেও নিজের নাম আর বললেন না। উল্টো বললেন, ‘নাম কহে কী হবে? এত দিন যাহারকে বলার বলে-কহেও হয়নি। দেখছেন না, পারের কিছুই নাই, তাও পারারি দিতে হচ্ছে।’স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা নদীর একটা শাখাকে সবাই বলে গোপালপুরের ঘাট। সরকারিভাবে এটাকে সিংনগর ফেরিঘাট হিসেবে ইজারা দেওয়া হয়। ২৫ অক্টোবর গোপালপুর ঘাটে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষায় শুধু এই নদীতে পানি থাকে। প্রতিবছর এই ঘাট ইজারা দেওয়া হয়। কিন্তু নৌকা চলাচল বন্ধ হওয়ার পর এলাকার মানুষ বিপদে পড়ে। তাদের হেঁটে পানি পার হতে হয়। তাদের অভিযোগ, কাপড় ভিজে পার হলেও ইজারাদারকে টাকা দিতে হয়। একজন মানুষ হেঁটে নদীর এপার থেকে ওপারে গেলেই এক টাকা দিতে হয়। সাইকেল টেনে নিয়ে পার হলে তাকে তিন টাকা দিতে হয়। যদি সাইকেলে কোনো মালামাল থাকে তাহলে সে মালামালের জন্য আলাদা ভাড়া দিতে হয়। একটি মোটরসাইকেলে একবার গেলে পাঁচ টাকা দিতে হয়। ফিরে আসার সময় আরও পাঁচ টাকা।তাঁরা বলেন, সবচেয়ে বিপদ নদীর দক্ষিণ পারের মানুষের। এ সময় তাদের কৃষিপণ্য পরিবহনের একমাত্র উপায় হচ্ছে পাওয়ার ট্রলি। মনকষা বাজারে পাট নিয়ে যাচ্ছেন ট্রলিচালক শরীফুল ইসলাম। তিনি বলেন, এভাবে কষ্ট করে ঘাটে পার হতে হচ্ছে, তারপরও শুধু ট্রলির খাজনাই দিতে হবে ১৫ টাকা। আর পাটের জন্য দিতে হবে আলাদা ভাড়া। এক গাড়ি পাট পার করতে ঘাটেই দিতে হচ্ছে ৭০-৮০ টাকা।নদীর উত্তর পারে এক ট্রলি রড নিয়ে বিপাকে পড়েছেন আরেকজন চালক। প্রায় এক ঘণ্টা ধরে আট-দশজন লোক ঠেলাঠেলি করেও তুলতে পারলেন না তাঁর গাড়ি। অবশেষে সব রড নামিয়ে অল্প অল্প করে পারাপার করতে লাগলেন। শরীফুল বললেন, এই ট্রলিটি যতবার পার হবে, তত ১৫ টাকা দিতে হবে।সাইকেল টেনে নদীর দক্ষিণ পারে গিয়ে গোপালপুর গ্রামের সাদু নামের এক যুবক বললেন, ‘আর সহ্য হয় না। এভাবে সাইকেল টেনেটুনে পার করছি। তাও পাঁচ টাকা দিতে হলো।’ তিনি বলেন, ‘বৃক্ষপ্রেমিক কার্তিক পরামানিকের সৌজন্যে তত্ত্বাবধায়ক সরকার রাস্তাটি পাকা করে দেয়। নদীর ওপরে সেতুটাও করার জন্য মাপজোক করা হয়। এখন আর কিছুই দেখছি না।’নদীর ঘাটে এসে ইজারাদারের সঙ্গে কথা বলতে চাইলে তাঁকে পাওয়া গেল না। টোল আদায়কারীদের একজন এসে বললেন, ‘আপনারা কারা কহিবেন তো।’ পরিচয় পাওয়ার পরে তাঁরা একটা মুঠোফোনের নম্বর দিলেন। কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়। পারাপারের কোনো ব্যবস্থা নেই, তারপরও টোল আদায় করা হচ্ছে—এ ব্যাপারে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. মাসুদ রানা বলেন, ইজারাদারের তো পারাপারের জন্য রাস্তা করে দেওয়ার কথা। তিনি বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাতে চাইলেও আর জানাননি।