নিজ দেশে ফিরেছেন ২০ জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদী থেকে আটক ভারতীয় ও বাংলাদেশি ২০ জেলেকে পতাকা বৈঠকের পর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত বুধবার রাত নয়টার দিকে উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে জেলেদের বিনিময় করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক শাহজাহান সিরাজ গতকাল বৃহস্পতিবার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের আট জেলে ও মুংলি গ্রামের একজন জেলে বুধবার সকালে পদ্মায় মাছ ধরতে যান। এক সময় তাঁরা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের আটক করে নিয়ে যায়। খবর পেয়ে বিজিবির নায়েক আমিনুল ইসলামের নেতৃত্বে বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে নদীর বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশকারী ১১ ভারতীয় জেলেকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, এ ঘটনায় বুধবার রাত সাড়ে আটটার দিকে বাংলাদেশের চকপাড়া ও ভারতের কাগমারী সীমান্তের মধ্যবর্তী স্থানে বালুচরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। এতে দুই দেশের আটক জেলেদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।