
নানা আয়োজনে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ৮ মার্চ পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের প্রতিপাদ্য ছিল ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা’।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশের উন্নয়নের অগ্রযাত্রায় নারীদের ভূমিকা প্রশংসনীয়। নারীরা আজ পিছিয়ে নেই। নিজ নিজ অবস্থান থেকে অগ্রসর হচ্ছে। তবে গ্রামীণ পর্যায়ে এখনো নারীরা নির্যাতন ও মজুরিবৈষম্যের শিকার হচ্ছে। এ ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। নারী নির্যাতনকারীর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
দীঘিনালা: দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর ও সূর্যের হাসি ক্লিনিকের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের মেহগনিতলায় আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তুলসী মোহন ত্রিপুরার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অনুকা খীসা প্রমুখ।
ফটিকছড়ি: ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নারী দিবসের আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়ের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জেবুন নাহার। বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা দিলরুবা খানম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম, সেনিটারি পরিদর্শক মো. রোকনুজ্জামান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রমুখ।
ইউসেপ: ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের উদ্যোগে টাইগারপাস চত্বরে বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চলের ব্যবস্থাপক জয়প্রকাশ বড়ুয়া, প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়ন সদস্য ফোরামের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, উন্নয়নকর্মী রণজিৎ শীলসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধি, ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা। এর আগে আমবাগান থেকে শোভাযাত্রা বের করা হয়।
িপএসটিসি: উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) ইউনাইট ফর বডি রাইটস প্রকল্পের উদ্যোগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে ৮ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরের পাঁচলাইশ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, টিকিট প্রিন্টিং প্রেস কলোনি উচ্চবিদ্যালয়, পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ইউসেপ বদিউর রহমান মেমোরিয়াল বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীরা দেয়ালিকা প্রকাশ, আলোচনা সভা এবং সচেতনতামূলক নাটিকা ও শোভাযাত্রায় অংশ নেয়।

আলোচনা সভায় অংশ নেন চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তৈয়ব, মৃণাল কান্তি দাশ, মো. আমিরুল ইসলাম ও আকবর হোসেইন। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পিএসটিসির ইউনাইট ফর বডি রাইটস প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ নূরউদ্দিন, যুব কর্মকর্তা সুজন ভট্টাচার্য, কাউন্সিলর আসমা আক্তার প্রমুখ।
মহেশখালী: নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারের মহেশখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম।
উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরেন্দ্র চন্দ্র পাল, সমাজসেবা কর্মকর্তা নছরুল্যাহ আল মাহমুদ, মহেশখালী কেজি স্কুলের সহকারী অধ্যক্ষ হারুনুর রশিদ ও মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন।
মহিলা পরিষদ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটি আলোচনা সভার আয়োজন করে। ৮ মার্চ বিকেল চারটায় সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লতিফা কবির। আলোচনায় বক্তারা বলেন, সমাজে নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। আলোচনায় অংশ নেন করেন আলো রানী দাস, মিতা ঘোষ, নিলুফার জাহান, সাথী পাল, পূর্বা দাস, সিতারা শামীম প্রমুখ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিরিন আক্তার।
খাগড়াছড়ি: আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ মার্চ স্বনির্ভর বাজার মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারী সমাজ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা। সংগঠনের দপ্তর সম্পাদক মিনাকি চাকমা সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্যসচিব চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিল চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরুপা চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মন্টি চাকমা। সমাবেশের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক জুঁই চাকমা। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ-খুনের ঘটনা ঘটলে বরাবরই সত্যকে আড়াল করা হয়। এসব ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি হয়নি।
বক্তারা আরও বলেন, নারীকে নিজের অধিকারের জন্য সংগ্রামের পাশাপাশি নিরাপত্তার জন্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। গ্রামে গ্রামে আত্মরক্ষা কমিটি করতে হবে। নিজেদেরই প্রতিরোধ গড়ে তুলতে হবে ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতনের বিরুদ্ধে।