নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তের নদী ইছামতীতে বাংলাদেশ ও ভারতের নিজ নিজ সীমানার মধ্যে দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হবে। দুই দেশের রাজনীতিবিদ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জিরো পয়েন্টে এসে শুভেচ্ছা বিনিময় করবেন। দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উভয় দেশের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কাজ করবেন।গত বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর ১২টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের বশিরহাট মহকুমার হাসনাবাদ থানার টাকির বিএসএফ ক্যাম্পে এ বৈঠক হয়। বিজিবির পক্ষে নয় সদস্যের নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বাছির। বিএসএফের পক্ষে নয় সদস্যের নেতৃত্ব দেন ভারতের ৪৭ বিএসএফ ব্যাটলিয়নের কমান্ড্যান্ট এন সাধু।আবু বাছির জানান, প্রতিবছরের মতো এ বছরও ইছামতী নদীতে দুই দেশের সীমানায় প্রতিমা বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসর্জনের সময় কোনো দেশের দুর্বৃত্তরা যাতে সীমান্ত দিয়ে ঢুকতে না পারে, সে জন্য কড়া নজর রাখা হবে। দুই দেশের অতিথিরা জিরো পয়েন্টে এসে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রতিবছরের মতো এবারও যাতে দুই দেশের মানুষ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন করতে পারে, সে জন্য উভয় দেশের পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে ইছামতী নদীতে বাংলাদেশের সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউন শ্রীপুরে এবং ভারতের বশিরহাট মহকুমার হাসনাবাদ থানার টাকিতে দুর্গাপূজার দশমীর (বিসর্জন) দিন উভয় দেশের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দিনব্যাপী উৎসব হয়। সে উৎসবে উভয় দেশের কয়েক হাজার মানুষ অংশ নেয়।