নিজ পাওয়ার ট্রিলারের নিচে চাপা পড়ে কৃষকের মৃত্যু
মাগুরার শ্রীপুর উপজেলায় জমি চাষ করতে গিয়ে নিজের পাওয়ার ট্রিলারের নিচে চাপা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীকোল ইউনিয়নের শ্রীকোল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম মো. খায়রুল ইসলাম (৩৫)। তিনি ওই গ্রামের আবদুল ওহাবের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম প্রথম আলোকে জানান, জমি চাষাবাদের জন্য কৃষক খায়রুল ইসলামের পাওয়ার ট্রিলার রয়েছে। নিজের জমি চাষাবাদের পাশাপাশি তিনি পারিশ্রমিকের বিনিময়ে অন্যের জমি চাষ করে দেন। আজ সকাল ১০টার দিকে তিনি গ্রামের মাঠে একটি জমিতে পাওয়ার ট্রিলার দিয়ে চাষ করতে যান। চাষ করার একপর্যায়ে ট্রিলারের ফলায় ঘাস ও ময়লা জমে। সে সময় তিনি পাওয়ার ট্রিলার চালু রেখেই চালকের আসন থেকে নিচে নেমে আসেন এবং ফলা থেকে ময়লা পরিষ্কার করতে শুরু করেন। ওই সময় হঠাৎ গিয়ারে চাপ পড়ে পাওয়ার ট্রিলারটি চলতে শুরু করলে তিনি এর নিচে চাপা পড়েন। সঙ্গে সঙ্গে খায়রুল ইসলাম ফলাতে বিদ্ধ হয়ে মারা যান।