নিজ বাড়ির পুকুর থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার
সিলেটের বিয়ানীবাজারে ইসমত জাহান ওরফে ইশমা (১৮) নামের এক কলেজছাত্রীর লাশ নিজবাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাপসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ ওই ছাত্রীর সহপাঠী জীবান হোসেনকে আটক করেছে।
ইসমত বিয়ানীবাজার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে পৌর শহরের শ্রীধরা গ্রামের ময়না মিয়ার মেয়ে। কলেজছাত্রীর পরিবার ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করছে। অন্যদিকে জীবান ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, জীবানের বাড়ি বিয়ানীবাজার পৌর শহরের কসবা গ্রামে। কলেজে ভর্তি হওয়ার পর ইসমতের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। এ সম্পর্ক ইসমতের পরিবারের সদস্যরা মেনে নেননি।
গত শনিবার রাতে সেহ্রি খাওয়ার পর জীবানকে ইসমত ফোন করে বাড়ি ডেকে নিয়ে যান। জীবানকে দেখে ইসমতের পরিবারের সদস্যরা মারধর করে আটকে রাখেন। ঘটনাটি দেখে অভিমানে ইসমত সবার অজান্তে বাড়ির পুকুরে ভোর ছয়টার দিকে ঝাপ দেয়। কিছুক্ষণ পর পুকুরে তাঁর লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানান। পুলিশ সকাল নয়টার দিকে ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে। এ সময় ইসমতের পরিবারের লোকজন জীবানকে পুলিশে সোপর্দ করেন।
ইসমতের মামা আবদুল মতিন দাবি করেন, কলেজে যাতায়াতের পথে তাঁর ভাগনি জীবানের বখাটেপনায় অতিষ্ঠ ছিল। জীবান তাঁর ভাগনিকে বিরক্ত করতে বাড়ির পাশেও চলে আসত। রোববার ভোরে জীবান তাঁর ভাগনিকে একা পেয়ে ধাওয়া দিলে আত্মরক্ষার জন্য সে পুকুরে ঝাপ দেয়।
পুলিশ হেফাজতে থাকা জীবান দাবি করেন, শনিবার দিবাগত রাতে সেহ্রি খাওয়ার পর ইসমত ফোন করে তাঁকে তাদের বাড়ি গিয়ে দেখা করতে বলে। ফোন পেয়ে তিনি দেখা করতে যান। এ সময় ইসমতের পরিবারের সদস্যরা তাঁকে আটকে রেখে মারধর করেন। এ বিষয়টি দেখে ফেলে ইসমত বাড়ির পুকুরে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন।
বিয়ানীবাজার থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক তদন্তে জীবানের সঙ্গে কলেজছাত্রীর প্রেমের সম্পর্কের বিষয়ে পুলিশ জানতে পেরেছে। পুলিশ তদন্ত করে প্রকৃত বিষয়টি বের করার চেষ্টা করছে।