নিজ ভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় ছাত্র সমাবেশ ও প্রতীকী মাতৃভাষার ক্লাসের আয়োজন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। একই দিনে সদরে স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে উন্নয়নের অগ্রযাত্রায় পঠন-দক্ষতার প্রসার (সংক্ষেপে রিড) শীর্ষক প্রকল্পের উদ্বোধন হয়। 
সমাবেশে বক্তারা শিক্ষামন্ত্রীর দেশের সব সংখ্যালঘু জাতিগুলোর নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর ঘোষণাকে স্বাগত জানান। তবে সরকার এখনো ঘোষণা বাস্তবায়িত না করায় হতাশা ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সংগঠনের কোনো দ্বিমত থাকত না, যদি পাহাড়ের সংখ্যালঘু জাতিগুলোর অধিকার নিশ্চিত করা হতো।
পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা অলকেশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের জেসীম চাকমা।
সমাবেশের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় প্রতীকী ক্লাস। ঘণ্টা বাজিয়ে ও জাতীয় সংগীত গেয়ে ক্লাস শুরু হয়। চাকমা ভাষায় পাঠদান করেন শুভাশীষ চাকমা, মারমা ভাষায় কংজরী মারমা ও ত্রিপুরা ভাষায় জগদীশ ত্রিপুরা। ক্লাস শেষে একটি শোভাযাত্রা বের হয়।
এদিকে সদরের একটি কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে উন্নয়নের অগ্রযাত্রায় পঠন-দক্ষতার প্রসার শীর্ষক প্রকল্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষায় ছাত্রছাত্রীদের আগ্রহী করে তুলতে হলে শিক্ষার্থীদের মনে জানার আগ্রহ সৃষ্টি করে দিতে হবে। এ আগ্রহ সৃষ্টিতে পার্বত্য এলাকায় বাংলার পাশাপাশি ক্ষুদ্র জাতিসত্তাগুলোর মাতৃভাষার মাধ্যমেও করা যায়।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে রিড প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেনের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর শাহীন ইসলাম। প্রবন্ধে বলা হয়, এ প্রকল্পের মাধ্যমে জেলার তিনটি উপজেলার ৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়তে শেখা ও পড়ার সামর্থ্য অর্জনে ধ্বনিগত সচেতনতা, বর্ণজ্ঞান, সাবলীলতা, শব্দজ্ঞান, বোধগম্যতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে তিন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও প্রকল্পের অন্তর্ভুক্ত কর্মকর্তারাউপস্থিত ছিলেন।