নিজ ভিটায় ফিরতে চায় দীঘিনালার ২১ পরিবার
খাগড়াছড়ির দীঘিনালার আদিবাসী ২১টি পরিবার প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে নিজ ভিটায় ফিরতে চায়। গতকাল শনিবার বাবুছড়ার নোয়াপাড়া আশ্রয়কেন্দ্রে ২১টি পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের কারণে তাঁরা বসতভিটা হারিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী পরিবারের সদস্য কিরণ চাকমা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নতুন চন্দ্র কার্বারী, সন্তোষ কার্বারী ও গোপা চাকমা। এ সময় চার দফা দাবি তুলে ধরেন তাঁরা। এর মধ্যে রয়েছে যথাযথ ক্ষতিপূরণের মাধ্যমে নিজ জমিতে পুনর্বাসন করা, ২১টি পরিবারসহ দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রামে গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি বন্ধ করা।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাবুছড়ার যত্ন কুমার কার্বারীপাড়া ও শশী মোহন কার্বারীপাড়া এলাকায় ৫১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন করায় ২১টি পরিবার তাদের ভূমি হারিয়েছে। ভূমি হারিয়ে এসব পরিবারের ৮৬ জন সদস্য নোয়াপাড়া এলাকার কৃষি ব্লক কার্যালয় এলাকায় মানবেতর জীবন যাপন করছেন।
সংবাদ সম্মেলনে ২১ পরিবারের পক্ষে বলা হয়, তাঁরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান। তাঁরা বলেন, অন্যের দয়ার ওপর নির্ভর করে তাঁদের চলতে হচ্ছে। নিজ দেশে আর পরবাসী হয়ে থাকতে চানা না তাঁরা।