নিজ ভিটায় থাকতে প্রধানমন্ত্রীর সাহায্য চান কানন বালা
কানন বালার জগৎটা খুব ছোট। বাবার বাড়ি ছিল বাউফলে। বিয়ের পর থিতু হন শ্বশুরবাড়ি দশমিনায়। এই দুই এলাকার বাইরে যাননি কখনো। কিন্তু ৬৫ বছর বয়সে এসে তাঁকে পরিবারসহ দাঁড়াতে হলো যান্ত্রিক রাজধানীর পাষাণ ফুটপাতে। নিজ ভিটায়, নিজ দেশে শান্তিতে থাকার অধিকারের জন্য প্রধানমন্ত্রীর সাহায্য চাইতে এসেছেন তাঁরা।
নিরাপত্তার দাবি ও স্বাভাবিক জীবন ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এই সংখ্যালঘু পরিবারটি অনশন কর্মসূচি পালন করে। অনশনে বসেছিলেন কানন বালা, তাঁর ছেলে অসীম চন্দ্র দাস, অসীমের স্ত্রী মাধবী রানী ও তাঁদের দুই শিশুকন্যা। অসীম বললেন, টিকে থাকার শেষ চেষ্টা হিসেবে বিচার চাইতে শেষমেশ ঢাকায় এলেন।
গত ৮ মে উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে বিধবা কানন বালাকে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। সম্পত্তি দখলে বাধা দেওয়ায় স্থানীয় প্রভাবশালী আবুল হোসেন প্যাদা দলবল নিয়ে কানন বালার ওপর এই অমানবিক নির্যাতন চালান বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় কানন বালার ছেলে অসীম চন্দ্র দাস বাদী হয়ে স্থানীয় আবুল হোসেনকে প্রধান আসামি করে ১১ মে দশমিনা থানায় ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। তবে আসামি আবুল হোসেন এ অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনা নিয়ে ১৩ মে প্রথম আলোতে ‘সম্পত্তি দখলে বাধা দেওয়ায় বিধবাকে বেঁধে মারধর’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
এরপর ১৪ মে মামলার প্রধান আসামি আবুল হোসেন প্যাদার স্ত্রী লাকি বেগম কানন বালার ছেলেকে প্রধান আসামি করে তাঁদের পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। এ ঘটনায় ১৫ মে আরেকটি প্রতিবেদন ছাপা হয় প্রথম আলোতে।
গতকাল কানন বালার ছেলে অসীম চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির মামলা হওয়ার পর থেকেই পুরো পরিবার পালিয়ে বেড়াচ্ছে। তিনি বলেন, ‘বাড়িতে থাকতে পারি না। তারা কয় মাইরা ফালাইব। কিন্তু পালায়া কয় দিন থাকুম। এতগুলা পেট চালাইতে হয়। প্রধানমন্ত্রী ফিরা না চাইলে আর কোনো পথ নাই।’
অসীম ও তাঁর স্ত্রী মাধবী রানী দশমিনা উপজেলার ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে দৈনিক মজুরি ভিত্তিতে নৈশপ্রহরী ও ঝাড়ুদারের কাজ করেন। বললেন, কাজে ফিরে যেতে ভয় পাচ্ছেন তাঁরা। চার সন্তানের মধ্যে স্কুলগামী দুজনের পড়ালেখাও থেমে আছে।
অনশন কর্মসূচিতে এই পরিবারটির সঙ্গে সংহতি জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ইমক্যাব) সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে প্রমুখ।