বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী ১ আগস্ট থেকে শুরু এই বিনিময়ের প্রধান বিষয় হবে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে ভূখণ্ড দেওয়া-নেওয়া। মানুষের যাওয়া-আসা হবে নগণ্য সংখ্যায়। তাঁরা মূলত নিজ নিজ ভূমিতেই থেকে যাবেন।
সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিনিময়ের প্রক্রিয়ায় ভারতীয় যে ছিটমহলগুলোর মালিকানা পাচ্ছে বাংলাদেশ, সেখানকার মোট জনসংখ্যার মাত্র আড়াই শতাংশের মতো ভারতে চলে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
গত সোমবার ভারতের কোচবিহারে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা, লালমনিরহাটের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান সাংবাদিকদের বলেছেন, ভারতে যাওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন ৯৭৯ জন। আর বাংলাদেশে আসছেন না একজনও।
অবশ্য ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, ছিটমহলের কোনো নাগরিক বাংলাদেশে আসার জন্য নাম নিবন্ধন করেছেন কি না, শেষ পর্যন্ত কজন আসবেন, সে বিষয়ে তাঁরা এখনই কিছু বলবেন না। আর সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা বলেছেন, এ বিষয়ে এখন পর্যন্ত তাঁদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহা জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে ভারতেও সরকারিভাবে গতকাল পর্যন্ত কিছু বলা হয়নি। বেসরকারিভাবে যা বলা হয়েছে, তা বাংলাদেশের কর্মকর্তাদের অনুরূপ।
তবে ছিটমহলের কোনো নাগরিক স্থায়ীভাবে বসবাসের জন্য বাংলাদেশে আসতে চাইলে সরকার তাঁদের সহায়তার কোনো ব্যবস্থা নেবে কি না, জানতে চাইলে ছিটমহল বিনিময় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনীম প্রথম আলোকে বলেন, যদি কেউ আসতে চান এবং তাঁর সহায়তার দরকার হয়, তাহলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।
বাংলাদেশের ভেতরে চারটি জেলায় ভারতের ছিটমহল মোট ১১১টি। এর মধ্যে লালমনিরহাটে ৫৯, পঞ্চগড়ে ৩৬, কুড়িগ্রামে ১২ ও নীলফামারীতে ৪টি। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এই ছিটমহলগুলোতে জনসংখ্যা ছিল ৩৭ হাজার ৩৬৯ জন। ৬ থেকে ১৬ জুলাই পরিচালিত সমীক্ষা অনুযায়ী এই সংখ্যা বেড়ে হয়েছে ৩৯ হাজার ৭২৫টি।
এই ছিটমহলগুলোয় এত দিন যাঁরা বসবাস করতেন, তাঁরা ছিলেন ভারতের নাগরিক। এখন এগুলো বাংলাদেশের মালিকানায় আসবে। কিন্তু সেখানকার মাত্র ৯৭৯ জন ছাড়া সবাই ওই মাটিতেই বসবাস করবেন, বাংলাদেশের নাগরিক হয়ে।
একইভাবে ভারতের ভেতরে বাংলাদেশের ছিটমহলের সংখ্যা ৫১টি। ২০১১ সালের জনগণনায় সেখানকার মোট জনসংখ্যা ছিল ১৪ হাজার ২১৫ জন। এখন তা প্রায় দুই হাজার বেড়েছে বলে বেসরকারি সূত্রগুলো জানিয়েছে। সেখানে বসবাসকারীরা এত দিন বাংলাদেশের নাগরিক ছিলেন। কিন্তু ভূখণ্ড বিনিময়ের পর সেখান থেকে কেউ বাংলাদেশে আসবেন কি না, এখন পর্যন্ত তা নিশ্চিত নয়।
প্রথম আলোর সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রতিনিধিরা জানিয়েছেন, যে ৯৭৯ জন ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের মধ্যে ধর্মীয় পরিচয়ের দিক দিয়ে হিন্দু-মুসলমান উভয়ই আছেন। কুড়িগ্রাম থেকে যে ৩১৭ জন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের মধ্যে ১৫৯ জন মুসলমান। এঁদের পরিবারের সক্ষম ব্যক্তিরা বহুদিন থেকে দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে কাজ করে উপার্জন করছেন। অনেকে সেখানে বাড়িঘরও করেছেন। তাঁদের পক্ষে সেসব ছেড়ে আসা অনেকটাই অনিশ্চিত গন্তব্যে পাড়ি দেওয়ার মতো।
হিন্দুধর্মাবলম্বী যাঁরা যাচ্ছেন, তাঁদেরও সেখানে জীবিকা ও আত্মীয়তার দৃঢ় বন্ধন রয়েছে। এ ছাড়া কিছু লোক যাচ্ছেন ভারত সরকারের ঘোষিত সহায়তার ভরসায়। ওই প্রতিনিধিরা নিজ নিজ এলাকার ছিটমহলবাসীর সঙ্গে কথা বলে এই বিবরণ পাঠিয়েছেন।
আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি জানান, এ ছাড়া ছিটমহলবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপ ছিল। এর মধ্যে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাবি ছিল ছিটমহলগুলো দুই দেশের মধ্যে বিনিময় করা, যেভাবে বিনিময় হতে যাচ্ছে। অপরদিকে ইউনাইটেড কাউন্সিলের দাবি ছিল উন্মুক্ত করিডর দিয়ে তাঁদের চলাচল নির্বিঘ্ন করা।
এই দ্বিতীয় গ্রুপের অনেকে ভারতে চলে যাচ্ছেন। কারণ, ছিটমহল বিনিময়ের দাবি কার্যকর হওয়ায় তাঁরা কোণঠাসা হয়ে পড়েছেন। তাঁদের আশঙ্কা, ভবিষ্যতে তাঁরা আরও প্রতিকূল অবস্থার মধ্যে পড়তে পারেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় থেকে ঝুলে থাকা একটি সমস্যা। দুই দেশের রাজনৈতিক অঙ্গনেও বহুবার দাবার ঘুঁটি করা হয়েছে এই সমস্যাকে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর মুজিব-ইন্দিরা চুক্তিতে এই সমস্যা সমাধানের কথা ছিল। কিন্তু তাও এত দিন কার্যকর হয়নি মূলত রাজনৈতিক কারণে। বাংলাদেশের জাতীয় সংসদ ১৯৭২ সালেই ছিটমহল বিনিময়ের বিষয়টি অনুমোদন করে। কিন্তু ভারতীয় পার্লামেন্ট তা (ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট) অনুমোদন করে এ বছর।
এরপর গত জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদির বাংলাদেশ সফরের সময় ছিটমহল বিনিময়ের চূড়ান্ত চুক্তি সই হয়। তারই ধারাবাহিকতায় আগামী আগস্টে স্থায়ীভাবে শেষ হতে যাচ্ছে এই সমস্যার, ১৯৪৭ সালের আগস্টের প্রায় ৬৮ বছর পর।
প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলা এবং পাটগ্রাম উপজেলা প্রতিনিধি।