নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ের প্রতিটি জাতিসত্তার শিশু যাতে নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ৫ শতাংশ কোটা রাখা এবং প্রয়োজনীয় শিক্ষাবৃত্তি বরাদ্দের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। গতকাল শনিবার শিক্ষা দিবসে সংগঠনের রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুয়েল চাকমা। সংগঠনের রাঙামাটি জেলা শাখার সহসভাপতি রিটন চাকমার সভাপতিত্বে বক্তব্যে দেন টোয়েন চাকমা, আশিকা চাকমা, সাচিং প্রু মারমা প্রমুখ। মানববন্ধনে শিক্ষাসংক্রান্ত বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করে শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা পাহাড়ি এলাকায় শিক্ষার প্রসারের জন্য শিক্ষকসংকট দূর করার দাবি জানান। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো সমস্যা দূর করার দাবি জানান তাঁরা।
বক্তারা পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিতের দাবি জানান। তাঁরা বলেন, শিক্ষার মূলভিত্তি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে অবহেলিত রেখে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন স্থানীয় ছাত্রছাত্রীদের উপকারে আসবে না।