নিজ মাতৃভাষার পাঠ্যবই পেল বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে চাকমা ও মারমা জাতিগোষ্ঠীর প্রাক্‌-প্রাথমিক পর্যায়ের শিশুদের জন্য গতকাল রোববার মাতৃভাষার পাঠ্যবই বিতরণ করা হয়েছে। ত্রিপুরা শিশুদের জন্যও পাঠ্যবই প্রণয়ন করা হলেও এখনো তা এসে পৌঁছায়নি বলে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে পাঠ্যবই বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু মারমা, সিংয়ং ম্রো, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম চৌধুরী।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবার প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রামে তিনটি জাতিগোষ্ঠী—চাকমা, মারমা ও ত্রিপুরা শিশুদের জন্য প্রাক্‌-প্রাথমিক শ্রেণির পাঠ্যবই প্রণয়ন করেছে। এতে প্রথম পর্যায়ে ৫ জন চাকমা ও ৭৫৯ জন মারমা শিশুর জন্য পাঠ্যবই পাওয়া গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, একটি বেসরকারি সংস্থা দুই বছর আগে তিনটি মাতৃভাষার ওপর ১১২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দিনের প্রশিক্ষণ দেয়। কিন্তু এনসিটিবির পাঠ্যবইয়ের ওপর পাঠদানের জন্য সরকারিভাবে এখনো কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। জেলায় প্রাক্‌-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ২০৮ জন চাকমা, ৪ হাজার ২৩৫ জন মারমা ও ৮৬৫ জন ত্রিপুরা শিশু রয়েছে।

পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, বাংলা ভাষার জন্য যে জাতি রক্ত দিয়েছে, সেই জাতি এখন দেশের সব জাতিগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষার অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। প্রথম পর্যায়ে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাঁওতালদের পাঁচটি ভাষায় বই ছাপানো হয়েছে। পর্যায়ক্রমে সব জাতিগোষ্ঠীর জন্য পাঠ্যবই প্রণয়ন করা হবে।

পাঁচটি জাতিগোষ্ঠীর শিশুদের জন্য পাঠ্যবই প্রণয়ন ও বিতরণ সম্পর্কে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাক্‌-প্রাথমিক সেলের সহকারী পরিচালক মো. বাদশা মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পাঠ্যবই প্রণয়ন ও বিতরণ শুরু করতে পারাই ভালো খরব। আগামী অর্থবছরের শুরুতেই শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে।’

তবে অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার একজন সহকারী পরিচালক প্রথম আলোকে বলেন, পাহাড়ি শিশুদের পাঠ্যবইয়ের ব্যাপারে প্রশিক্ষণ শাখাকে কোনো কিছু জানানো হয়নি। প্রশিক্ষণ ও পাঠদানের উপকরণসহ আনুষঙ্গিক প্রস্তুতি ছাড়া বই বিতরণ করা হলেও এসব ভাষায় পাঠদান চালু করা যাবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।