নিজভূমে কবিকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পাড়াতলীতে কবি শামসুর রাহমানের পৈতৃক বাড়ি। এখানেই গতকাল কবির দশম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করা হলো তাঁকে l ছবি: সাহাদাত পারভেজ
নরসিংদীর পাড়াতলীতে কবি শামসুর রাহমানের পৈতৃক বাড়ি। এখানেই গতকাল কবির দশম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করা হলো তাঁকে l ছবি: সাহাদাত পারভেজ

পাড়াতলী গ্রামের ঘাটে নৌকা এসে ভিড়তেই কানে এল ঘুঘুর ডাক। যেন অভ্যর্থনা-সংগীত। গ্রামের আলপথ ধরে এগিয়ে গেলে অদূরেই ‘বায়তুল আমান’ নামের একটি একতলা পাকা বাড়ি। নামফলকে লেখা নির্মাণকাল ‘১৯৩৪ খ্রিষ্টাব্দ’। সামনেই সিঁড়িবাঁধা পুকুর ঘাট। তার পাশে বিশালকায় আমগাছ। এই গাছের তলায় বসেই বাংলা সাহিত্যের দুটি কালজয়ী কবিতা লেখা হয়েছিল, ‘স্বাধীনতা তুমি/ রবিঠাকুরের অজর কবিতা অবিনাশী গান’ ও ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’।
এই পাড়াতলীতেই কবি শামসুর রাহমানের পৈতৃক বাড়ি। এখানে গতকাল বুধবার কবির দশম মৃত্যুবার্ষিকী হিসেবে স্মরণ করা হলো তাঁকে।
কবির পৈতৃক বাড়িতে কেউ থাকেন না। ফলে এটা এখন অনেকটাই পোড়োবাড়ির মতো। কবি মুক্তিযুদ্ধের সময় (১৯৭১ সালের এপ্রিল) এখানে এসেছিলেন। ছিলেন মাস তিনেক। তখনই বাড়ির সামনের এই আমগাছতলায় বসে একই দিনে ওই বিখ্যাত কবিতা দুটি লিখেছিলেন। তবে কবির কাছে পুকুরটি অত্যন্ত বেদনাদায়ক। তাঁর দ্বিতীয় ছেলে মতিন রাহমান কিশোর বয়সে এই পুকুরে ডুবে মারা যায়। বাড়ির পাশেই মতিনের কবর। সম্ভবত একই বেদনাদায়ক স্মৃতির কারণেই পৈতৃক বাড়িতে কবি তেমন আসতেন না। পুত্রবধূ টিয়া রাহমান জানান, ২০০৪ সালে কবি এখানে সর্বশেষ এসেছিলেন। তখন ছিল শীতকাল। সরষেখেতের পাশে বসে তিনি খুবই উৎফুল্ল হয়ে উঠেছিলেন।
গতকাল সকালে বনানী কবরস্থানে কবি শামসুর রাহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় কবিতা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও কবি শামসুর রাহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন মুহাম্মদ সামাদ, গোলাম কুদ্দুছ ও সালেহ চৌধুরী। কবির পরিবারের পক্ষে তাঁর ছেলে ফাইয়াজ রাহমান, পুত্রবধূ টিয়া রাহমান, দুই নাতনি দীপিতা রাহমান ও নয়না রাহমান উপস্থিত ছিলেন। পরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন এবং রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সেখান থেকে কবির গ্রামের বাড়ির দিকে যাত্রা শুরু হয়।

শামসুর রাহমান
শামসুর রাহমান

কবির দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল কবি শামসুর রাহমানের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাড়াতলীতে দিনভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামটি নরসিংদী জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে। রায়পুরার সঙ্গে সড়ক যোগাযোগ নেই। পান্থশালা ঘাট থেকে মেঘনা নদীতে নৌকায় আধা ঘণ্টার পথ পাড়াতলী। সবুজের নিবিড় সমারোহ। পরিবারের উদ্যোগে গঠিত কবি শামসুর রাহমান স্মৃতি ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানের মধ্য দিয়েই সংগঠনের আত্মপ্রকাশ ঘটল।
অনুষ্ঠানের প্রথম পর্বে পাড়াতলীতে কবির বাড়ির পাশেই কলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ে সকালে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণা ও শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি। এতে স্থানীয় পাড়াতলী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক আমিনুল হক চৌধুরী কবির জীবন নিয়ে আলোচনা ও স্মৃতিচারণা করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কবির ভাতিজা তৌফিকুর রাহমান জানান, কবির স্মৃতি ধরে রাখতেই এই ফাউন্ডেশন করা হয়েছে। বাদ জোহর কবির বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল এবং গ্রামবাসীর জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।
পাড়াতলী কলিমুদ্দিন উচ্চবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৬০ সালে। প্রতিষ্ঠা করেন কবির বাবা মুখলেছুর রাহমান চৌধুরী। কবির দাদার নামে প্রতিষ্ঠিত এই স্কুলটিই পাড়াতলীর সবচেয়ে বড় উচ্চবিদ্যালয়। এ ছাড়া পাশেই আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। উভয় প্রতিষ্ঠানই নিজেদের জায়গায় কবির বাবা প্রতিষ্ঠা করেছিলেন।
অনুষ্ঠান উপলক্ষে স্কুলে ছিল সাজসাজ রব। মাঠের মাঝখানে মঞ্চ। সেখানেই অনুষ্ঠান। বিকেলে অনুষ্ঠান শুরুর সময় শিক্ষার্থী ও গ্রামবাসীর উপস্থিতিতে মাঠ ছিল ভরা। সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতি বলছিল, কবি শামসুর রাহমানের কবিতা সে পাঠ্যবইতেও পড়েছে। তাঁকে নিয়ে আজ স্কুলে অনুষ্ঠান হচ্ছে। সে জন্য খুব ভালো লাগছে তার।
বিকেল পর্বে ছিল কবি-সাহিত্যিকদের মিলনমেলা ও কবিতা আবৃত্তি। আলোচনায় অংশ নেন মুহাম্মদ সামর্থ্য, সালেহ চৌধুরী ও টিয়া রাহমান। আবৃত্তি করেন দীপিতা রাহমান।