জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরস্পরবিরোধী অবস্থানে অনড় উপাচার্য ও সাধারণ শিক্ষক ফোরাম। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত সরবে না শিক্ষক ফোরাম। আর শিক্ষকেরা না সরা পর্যন্ত বাসভবনে ঢুকবেন না উপাচার্য আনোয়ার হোসেন।
এমন পরস্পরবিরোধী দাবিতে আজ বুধবার সারা দিন উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করে উভয় পক্ষ।
উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুর দুইটা থেকে তাঁর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে সাধারণ শিক্ষক ফোরাম। তবে গতকাল উপাচার্য বাসভবনে ছিলেন না। রাত ১০টার দিকে উপাচার্য ফিরে এসে শিক্ষকদের বাসভবনের সামনে অবস্থান করতে দেখেন। এ সময় ৩৫ থেকে ৪০ জন শিক্ষক উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছিলেন। তখন তিনি ঘোষণা করেন, একজন শিক্ষক তাঁর বাসভবনের সামনে অবস্থান করা পর্যন্ত তিনি সেখানে প্রবেশ করবেন না। এরপর তিনি ও তাঁর স্ত্রী বাসভবনের মূল ফটকের সামনে মাদুর পেতে অবস্থান নেন। পাশেই অবস্থান করছিলেন সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকেরা।
ওই সময় সাধারণ শিক্ষক ফোরামের সদস্যসচিব মোহাম্মদ কামরুল আহসান মাইকে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি এবং তাঁদের কর্মসূচি ঘোষণা করছিলেন। এভাবে গতকাল সারা রাত উভয়পক্ষ উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করে।
আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপাচার্য এবং ফোরাম সদস্যরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছিলেন। এর আগে বেলা ১১টার দিকে উপাচার্যের সঙ্গে কথা বললে তিনি জানান, শিক্ষকেরা না সরা পর্যন্ত তিনিও বাসভবনে ঢুকবেন না। এই পরিস্থিতিতে কোনো উদ্যোগ নেবেন কি না, জানতে চাইলে উপাচার্য বলেন, ‘আমি আর কিছু করব না। শিক্ষকদের অনাকাঙ্ক্ষিত ও নাগরিক অধিকারের পরিপন্থী আচরণের প্রতিবাদে আমি এবং আমার স্ত্রী এখানে অবস্থান করছি।’
এ ছাড়া আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উপাচার্য জানান, আন্দোলনকারী শিক্ষকদের এ ধরনের অযৌক্তিক ও অমানবিক আচরণ বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসন করতে পারবে না। বরং আরও বৃদ্ধি করবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রপতি ও আচার্য একটি তদন্ত কমিশন গঠন করেছেন এবং সেই তদন্ত কমিশন ইতিমধ্যে তদন্তকাজ সম্পন্ন করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন এখন তদন্ত কমিশনের রিপোর্টের দিকে চেয়ে আছে এবং আচার্য যে আদেশ জারি করবেন, তার অপেক্ষায় আছে। সেই সঙ্গে ডিন নিয়োগের প্রজ্ঞাপন জারি করাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে তিন দিন ধরে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা মানবিকতার পরিপন্থী। কর্তৃপক্ষ ডিন নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইন ও নিয়মের বাইরে কোনো কাজ করেনি।
এ ছাড়া উপাচার্য এ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অবিলম্বে রেজিস্ট্রারকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত এবং তাঁর বাসভবনের সামনে থেকে শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান।
উপাচার্যের পদত্যাগের দাবিতে কর্মবিরতির পাশাপাশি চলছে অবস্থান কর্মসূচি। এ প্রসঙ্গে ফোরামের আহ্বায়ক অধ্যাপক মুহম্মদ হানিফ আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। কোনো প্রকার অবরোধ করিনি। কিন্তু উপাচার্য তাঁর স্ত্রীকে নিয়ে বাসভবনের সামনে অবস্থান করে আমাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করছেন।’
এদিকে আজ বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ভর্তি কমিটির পূর্বঘোষিত সভা অনুষ্ঠিত হয়নি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থার কারণে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অফিস আদেশের মাধ্যমে সভার দায়িত্ব সহ-উপাচার্যকে দেয়া হয়নি, এমন অভিযোগে এনে গত ২৬ সেপ্টেম্বর ভর্তি কমিটির সভা বয়কট করেন তিনজন ডিন। ফলে সভা হলেও কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি সেদিন।