নিজস্ব অর্থায়নে যথাসময়ে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে যথাসময়ে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে। কোনো বাধাই এই কাজ থামিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, ‘আমরা আবারও দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই, আপনারা মে মাস নাগাদ ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণকাজে আমাদের পদক্ষেপের সত্যিকারের প্রতিফলন দেখতে পাবেন। কোনো বাধার কারণেই এ কাজ পিছিয়ে যাবে না।’প্রধানমন্ত্রী গতকাল শনিবার সকালে শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবায় পদ্মা বহুমুখী সেতু (পিএমবি) প্রকল্প এলাকার কাছে পদ্মা সেতুর নির্মাণকাজের জন্য নদীশাসন কর্মকাণ্ডের উদ্বোধন শেষে এক জনসভায় এসব কথা বলেন। তিনি বলেন, আগামী চার অর্থবছরে বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা পদ্মা সেতু নির্মাণে ব্যয় করা হবে। ইতিমধ্যে পদ্মা সেতু নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। কয়েক মাসের মধ্যে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজ শুরু হবে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুর রব মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডেপুটি স্পিকার এম শওকত আলী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সাংসদ বি এম মোজাম্মেল হক, নঈম রাজ্জাক, আবদুর রহমান, নাজমা আক্তার ও অপু উকিল, জেলা পরিষদের প্রশাসক মুজিবুর রহমান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এনামুল হক বক্তৃতা করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু একটি বড় প্রকল্প। এ ধরনের বড় প্রকল্প বাস্তবায়নে নানা বাধা-বিপত্তি আসতে পারে। ধাপে ধাপে এর কাজ শেষ করা হবে। পদ্মা সেতুতে অর্থায়নের জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। এ ব্যাপারে একটি প্রতিবেশী দেশের সঙ্গেও আলাপ-আলোচনা চলছে, যা শেষ পর্যায়ে আছে। আলোচনা ফলপ্রসূ হলে সেপ্টেম্বরের মধ্যেই আমরা মূল কাজ ও নদীশাসনের কাজ শুরু করতে পারব। বিদেশি কোনো দেশ ও দাতাদের সহায়তা না পাওয়া গেলে নিজস্ব অর্থায়নেই এই সেতুর কাজ শেষ করব।’শেখ হাসিনা বলেন, ‘অনেক আগেই সেতু নির্মাণ ও নদীশাসন কর্মকাণ্ডের জন্য ঠিকাদার নির্বাচনের কাজ শেষ হয়েছে। দুই মাসের মধ্যে আমরা টেন্ডার প্রক্রিয়ার কাজও শেষ করব ইনশা আল্লাহ।’প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণের উদ্যোগ নেওয়ার পরে এ দেশের মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। ২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। বিএনপি ক্ষমতায় এসে পদ্মা সেতু নির্মাণ নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করে।’শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘শুনেছি, তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন চিকিৎসার জন্য। কিন্তু দেশে এসেই যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছেন। সেখানে কি এমন টাকার মোচা পেলেন, যা নিয়ে দেশে এসে যুদ্ধাপরাধীদের পক্ষে আন্দোলনের ঘোষণা দিলেন?’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একাত্তর সালে যারা আমাদের মা-বোনদের ওপর নির্যাতন করেছে, নিরস্ত্র মানুষকে হত্যা করেছে, সেসব যুদ্ধাপরাধীর বিচার চলছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মতো তাদের রায়ও বাংলার মাটিতে কার্যকর করা হবে।’