নিজস্ব অর্থায়নে হলেও জলবায়ু তহবিল চালু রাখা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) বলেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যদি বৈদেশিক সহায়তা না-ও আসে, দেশীয় অর্থায়নে হলেও জলবায়ু তহবিল চালু রাখা উচিত। একই সঙ্গে এর স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে হবে। গতকাল বুধবার টিআইবির সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়েছে।

রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আরও বলেন, উন্নয়ন সহযোগীরা বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রিজিলিয়ান্স তহবিলে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে। যে অর্থ তারা আগে দিয়েছিল, তা-ও ফেরত নিয়ে যাচ্ছে। সরকার বাংলাদেশ জলবায়ু পরিবর্তন তহবিল ট্রাস্ট ফান্ডে ধারাবাহিকভাবে অর্থায়ন কমিয়ে দিচ্ছে। এভাবে চললে দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে থাকবে। এতে জলবায়ু বিপন্ন মানুষের বিপন্নতা আরও বাড়বে। একই সঙ্গে উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও সংস্থাগুলো জলবায়ু তহবিলে অর্থ না দিয়ে নিয়মিত উন্নয়ন সহযোগিতাকে জলবায়ু অর্থায়ন হিসেবে দেখানোর যে চেষ্টা করছে, তারও বিরোধিতা করা উচিত।

কপ-২২ মারাক্কেশ সম্মেলন-পরবর্তী বাংলাদেশ শীর্ষক ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন টিআইবির জলবায়ু অর্থায়ন সুশাসন বিভাগের এম জাকির হোসেন। তিনি মারাক্কেশ বিশ্ব জলবায়ু সম্মেলনের অগ্রগতি ও সামনের দিনের চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বলেন, সবুজ জলবায়ু তহবিলে অর্থায়নের যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে ২০২০ সালের মধ্যে উন্নত দেশগুলো বার্ষিক প্রয়োজনের তুলনায় এক-পঞ্চমাংশ তহবিল দেবে।

জাকির হোসেন খান বলেন, অভিযোজন তহবিলে শুধু অনুদান দেওয়ার কথা ছিল। কিন্তু ঋণকেও ওই তহবিলের অর্থায়ন খাত হিসেবে দেখানো হচ্ছে। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান জলবায়ু তহবিলকে লাভজনক বিনিয়োগের খাত হিসেবে দেখছে। সম্ভাব্য সর্বনিম্ন সুদ ও সর্বোচ্চ রেয়াতি সুবিধার কথা বলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের ওপরে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।